সোশ্যাল মিডিয়ায় মহিলাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ,মেদিনীপুর কোতোয়ালি থানায় FIR বাম সংগঠনগুলির

সেখ ওয়ারেশ আলী:সোশ্যাল মিডিয়ায় মহিলাদের উদ্দেশে অশালীন মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ এবং যৌন ইঙ্গিতপূর্ণ কটূক্তির অভিযোগ তুলে প্রতিবাদে সরব হল বাম ছাত্র, যুব ও মহিলা সংগঠন। বুধবার মেদিনীপুর শহরের পূর্ব ও পশ্চিম আঞ্চলিক কমিটির উদ্যোগে SFI, DYFI ও AIDWA-র পক্ষ থেকে মেদিনীপুর কোতোয়ালি থানায় FIR জমা দেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনগুলি।বাম সংগঠনগুলির অভিযোগ, রাজ্যজুড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে মহিলাদের, বিশেষত বামপন্থী মহিলা নেত্রী ও কর্মীদের নিশানা করে লাগাতার কুরুচিকর মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ এবং অশালীন ইঙ্গিত করা হচ্ছে। সংগঠনগুলির দাবি, গত কয়েক মাস ধরে রাজদীপ মাইতি নামে এক ব্যক্তি SFI-এর সর্বভারতীয় নেত্রী ঐশী ঘোষকে উদ্দেশ্য করে যৌন ইঙ্গিতপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করে আসছেন। তাঁদের আরও অভিযোগ, এর আগেও ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য এবং অশালীন ভিডিও পোস্ট করেছিলেন।শুধু তাই নয়, মীনাক্ষী মুখার্জি এবং প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য-সহ বামপন্থী নেতৃত্বকে উদ্দেশ্য করেও সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর ভাষায় আক্রমণ, আপত্তিকর মিম তৈরি এবং ব্যক্তিগত কুৎসা ছড়ানোর অভিযোগ তুলেছে বাম সংগঠনগুলি।সংগঠনগুলির বক্তব্য, রাজনৈতিক মতাদর্শের পার্থক্য গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক বিষয়। রাজনৈতিক বিরোধিতা বা সমালোচনা হতেই পারে। কিন্তু মতাদর্শগত বিরোধের অজুহাতে মহিলাদের সম্মানহানি, যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য কিংবা ব্যক্তিগত চরিত্র নিয়ে অশালীন আক্রমণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের আচরণ শুধু সংশ্লিষ্ট ব্যক্তির মর্যাদাকেই আঘাত করে না, সামাজিক পরিবেশকেও কলুষিত করে। এই অভিযোগের প্রতিবাদে বুধবার রাজ্যজুড়ে বিভিন্ন থানায় অভিযোগ জমা দেওয়ার কর্মসূচি গ্রহণ করে বাম ছাত্র, যুব ও মহিলা সংগঠনগুলি। সেই কর্মসূচির অংশ হিসেবেই মেদিনীপুর কোতোয়ালি থানায় FIR জমা দেন SFI, DYFI ও AIDWA-র প্রতিনিধিরা।অভিযোগের নিরপেক্ষ তদন্ত, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত আপত্তিকর বিষয়বস্তুর পর্যালোচনা এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনগুলি। রাজনৈতিক মতপার্থক্য যেন কোনওভাবেই নারীর মর্যাদা ও ব্যক্তিগত সম্মানহানির হাতিয়ার হয়ে না ওঠে, সেই বার্তাও দিয়েছেন আন্দোলনকারীরা।