নিজস্ব সংবাদদাতা :বামপন্থী গণসংগঠনগুলির ডাকে মেদিনীপুর শহরে পালিত হল আইন অমান্য ও জেল ভরো আন্দোলন। আন্দোলনকে কেন্দ্র করে সোমবার শহরের রাস্তায় নামে বিপুল সংখ্যক মানুষ। মিছিলের জেরে শহরের বিভিন্ন এলাকায় তৈরি হয় ব্যাপক জমায়েত।সংযুক্ত কিষান মোর্চা, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ছাত্র, যুব ও মহিলা সংগঠনগুলির যৌথ মঞ্চের নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় কালেক্টরেট মোড়ে। সেখানে ২০ দফা দাবির সমর্থনে স্লোগান দেন আন্দোলনকারীরা।আন্দোলনকারীদের অভিযোগ, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, শ্রমজীবী মানুষের অধিকার, কৃষকদের দাবি এবং কর্মসংস্থান-সহ একাধিক বিষয়কে সামনে রেখে এই কর্মসূচি নেওয়া হয়েছে। তাঁদের দাবি, কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতেই এই আইন অমান্য ও জেল ভরো কর্মসূচি।কালেক্টরেট মোড়ে পৌঁছনোর পর আইন অমান্য কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের তর্ক-বিতর্কের পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীদের বক্তব্য, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আগামী দিনেও বৃহত্তর আন্দোলন চালিয়ে যাওয়া হবে।