স্বপ্নভঙ্গ লেস্টারের! এক দশকে চূড়া থেকে তলানিতে, তৃতীয় ডিভিশনে অবনমন
নিজস্ব সংবাদদাতা: একসময় রূপকথা লিখেছিল তারা। আর এখন সেই গল্পই যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। মাত্র ১০ বছরের ব্যবধানে ইংল্যান্ডের শীর্ষ লিগ জয়ী Leicester City নেমে গেল তৃতীয় ডিভিশনে। আধুনিক ফুটবলে এত দ্রুত পতনের নজির বিরল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশন EFL Championship-এ হাল সিটির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে লেস্টার। এই ফলের পর ৪৪ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়ায় মাত্র ৪২। বাকি দু’টি ম্যাচ জিতলেও আর রক্ষা নেই—নিশ্চিত হয়ে যায় তৃতীয় ডিভিশনে অবনমন।বাংলাদেশি ফুটবলার Hamza Choudhury-কে নামিয়েও ম্যাচের গতিপথ বদলাতে পারেনি দল।২০১৫-১৬ মরশুমে ক্লদিও রেনেরির কোচিংয়ে প্রিমিয়ার লিগ জিতে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল লেস্টার।দলে ছিলেন Jamie Vardy, Riyad Mahrez, N'Golo Kanté, Kasper Schmeichel-দের মতো তারকারা।২৪ গোল করে নজর কেড়েছিলেন ভার্ডি, আর দল জিতেছিল ইতিহাস গড়া শিরোপা।২০১৮ সালে ক্লাবের চেয়ারম্যান Vichai Srivaddhanaprabha-র মর্মান্তিক মৃত্যু বড় ধাক্কা দেয় দলকে। এরপর কোভিড পরিস্থিতিতে আর্থিক ক্ষতি, বিনিয়োগ কমে যাওয়া—সব মিলিয়ে ক্লাবের ভিত নড়ে যায়।নতুন প্রতিভা আনা বন্ধ হয়ে যায়, পাশাপাশি কোচ বদল ও দল পরিচালনায় ভুল সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। যদিও ২০২০-২১ মরশুমে এফএ কাপ জিতে কিছুটা স্বস্তি ফিরেছিল, কিন্তু তা স্থায়ী হয়নি।২০২২-২৩ মরশুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন।পরের বছর ফের উঠলেও ২০২৫-এ আবার দ্বিতীয় ডিভিশনে পতন।
আর এবার সেখান থেকেও সরাসরি তৃতীয় ডিভিশনে নামল দল।ব্যাঙ্ক ঋণ, ভুল দল গঠন, অভ্যন্তরীণ সমস্যা—সব মিলিয়ে এক দশকের মধ্যেই ভেঙে পড়ল এক স্বপ্নের সাম্রাজ্য। যে দল একসময় অসম্ভবকে সম্ভব করেছিল, আজ তারাই লড়ছে অস্তিত্ব রক্ষার লড়াই।ফুটবল বিশ্ব দেখল—রূপকথা যত দ্রুত লেখা যায়, তার সমাপ্তিও ততটাই নির্মম হতে পারে।