দোল পূর্ণিমায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ! বাংলার আকাশে কখন দেখা যাবে ‘রক্তচাঁদ’? দেখে নিন সময়সূচি?

নিজস্ব সংবাদদাতা :  দোল পূর্ণিমার পবিত্র দিনে আজ আকাশে ঘটতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পশ্চিমবঙ্গ-সহ দেশের অধিকাংশ প্রান্ত থেকেই এই গ্রহণ দেখা যাবে। তবে সব জায়গা থেকে পূর্ণগ্রাস পর্যায় দেখা সম্ভব হবে না বলেই জানানো হয়েছে Positional Astronomy Centre-এর তরফে। সংস্থার তথ্য অনুযায়ী, দুপুর ৩টা ২০ মিনিটে গ্রহণ শুরু হবে এবং চলবে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট পর্যন্ত। পূর্ণগ্রাস পর্যায় শুরু হবে বিকেল ৪টা ৩৪ মিনিটে, যা স্থায়ী হবে বিকেল ৫টা ৩৩ মিনিট পর্যন্ত। ফলে কলকাতা, দার্জিলিং, মেদিনীপুরের মতো জায়গায় চন্দ্রোদয়ের আগেই পূর্ণগ্রাস পর্ব শেষ হয়ে যাবে। উত্তর-পূর্ব ভারতের কিছু অংশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকেই মূল পূর্ণগ্রাস পর্ব প্রত্যক্ষ করা সম্ভব হবে। তবে চাঁদ ওঠার পর আংশিক গ্রহণ দেশের বহু প্রান্ত থেকেই দেখা যাবে। নিচে দেওয়া হল বিভিন্ন শহরে চন্দ্রোদয় ও গ্রহণ দৃশ্যমান থাকার সম্ভাব্য সময়সীমা—

দেশের বিভিন্ন প্রান্তে:

  • আগরতলা: চাঁদ উঠবে বিকেল ৫:২৭-এ, প্রায় ১ ঘণ্টা ২১ মিনিট গ্রহণ দৃশ্যমান।
  • ভুবনেশ্বর: চন্দ্রোদয় বিকেল ৫:৫১-এ, প্রায় ৫৭ মিনিট গ্রহণ দেখা যাবে।
  • বেঙ্গালুরু: চাঁদ উঠবে সন্ধ্যা ৬:২৮-এ, প্রায় ২০ মিনিট গ্রহণ দৃশ্যমান।
  • কটক: বিকেল ৫:৫০-এ চন্দ্রোদয়, প্রায় ৫৮ মিনিট গ্রহণ।
  • ডিব্রুগড়: বিকেল ৫:০৯-এ চাঁদ উঠবে, প্রায় ১ ঘণ্টা ৩৯ মিনিট গ্রহণ দেখা যাবে।
  • গুয়াহাটি: বিকেল ৫:২৪-এ চন্দ্রোদয়, প্রায় ১ ঘণ্টা ২৪ মিনিট গ্রহণ দৃশ্যমান।
  • হাজারিবাগ: বিকেল ৫:৫১-এ চাঁদ উঠবে, প্রায় ৫৭ মিনিট গ্রহণ।
  • কোরাপুট: সন্ধ্যা ৬:০৪-এ চন্দ্রোদয়, প্রায় ৪৪ মিনিট গ্রহণ দেখা যাবে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়:

  • কোচবিহার: বিকেল ৫:৩৩-এ চন্দ্রোদয়, প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট গ্রহণ দৃশ্যমান।
  • দার্জিলিং: বিকেল ৫:৩৭-এ চাঁদ উঠবে, প্রায় ১ ঘণ্টা ১১ মিনিট গ্রহণ দেখা যাবে।
  • কলকাতা: বিকেল ৫:৩৯-এ চন্দ্রোদয়, প্রায় ১ ঘণ্টা ৯ মিনিট গ্রহণ পরিলক্ষিত হবে।
  • মেদিনীপুর: বিকেল ৫:৪৪-এ চাঁদ উঠবে, প্রায় ১ ঘণ্টা ৪ মিনিট গ্রহণ দৃশ্যমান।
  • মুর্শিদাবাদ: বিকেল ৫:৩৮-এ চন্দ্রোদয়, প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট গ্রহণ দেখা যাবে।
  • শিলিগুড়ি: বিকেল ৫:৩৭-এ চাঁদ উঠবে, প্রায় ১ ঘণ্টা ১১ মিনিট গ্রহণ দৃশ্যমান।

বিশেষজ্ঞদের পরামর্শ, খালি চোখে চন্দ্রগ্রহণ দেখা নিরাপদ। পরিষ্কার আকাশ থাকলে আজ সন্ধ্যায় বাংলার আকাশে দেখা মিলতে পারে রক্তিম আভায় মোড়া চাঁদের—দোলের রঙের সঙ্গে মিশে যাবে প্রকৃতির নিজস্ব এক অনন্য রূপ।