মেদিনীপুরের মুখ উজ্জ্বল করল সৌর জানা! মাধ্যমিকে রাজ্যের তৃতীয় স্থান
নিজস্ব সংবাদদাতা : চিকিৎসা বিজ্ঞানে গবেষণার স্বপ্ন, পড়াশোনার পাশাপাশি গান-আবৃত্তিতেও সমান দক্ষ সৌরমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতেই গর্বে ভাসছে মেদিনীপুরের নগরচক এলাকা। এবারের মাধ্যমিকে রাজ্যের তৃতীয় স্থান অর্জন করেছে মেদিনীপুরের কৃতি ছাত্র সৌর জানা। সে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন-এর ছাত্র। এই সাফল্যে খুশির আবহ সৌরের পরিবার থেকে শুরু করে গোটা এলাকায়।মেদিনীপুর শহরের নগরচক এলাকার স্বাস্থ্যকেন্দ্রের পিছনের গলিতে বেড় বল্লভপুরে সৌরদের বাড়ি। বাবা সুভাষ জানা শালবনী ব্লকের কলাইমুড়ি নেতাজী সুভাষ হাইস্কুল-এর প্রধান শিক্ষক। মা অন্তরা বসু জানা গোয়ালতোড় গার্লস হাইস্কুল-এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। শিক্ষার পরিবেশের মধ্যেই বড় হয়ে ওঠা সৌর ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী।প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল ভগবতী শিশু শিক্ষায়তন-এ। এরপর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি হয়ে নিজের মেধার স্বাক্ষর রাখতে শুরু করে সে। শুধু পড়াশোনাই নয়, গান, আবৃত্তি ও অঙ্কনেও সমান পারদর্শী সৌর। শিক্ষক ও প্রতিবেশীদের কথায়, অত্যন্ত শান্ত ও পরিশ্রমী স্বভাবের এই ছাত্র বরাবরই নিজের লক্ষ্যে অবিচল ছিল।ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করার স্বপ্ন দেখছে সৌর। তার এই অসাধারণ সাফল্যে খুশি পরিবার, আত্মীয়-পরিজন ও এলাকাবাসী। অনেকেই মনে করছেন, সৌরের এই কৃতিত্ব আগামী দিনে মেদিনীপুরের আরও বহু ছাত্রছাত্রীকে অনুপ্রাণিত করবে।