৮০ লাখের বকেয়া না মেটালে বড় ধাক্কা! মোহনবাগান-কেরালাকে শেষ সতর্কবার্তা AIFF-এর, ঝুলছে আগামী আইএসএল ভবিষ্যৎ

নিজস্ব সংবাদদাতা: আইএসএল শুরু হয়ে গেলেও এখনও অংশগ্রহণ ফি জমা দেয়নি Mohun Bagan Super Giant এবং Kerala Blasters FC— এমনই গুরুতর অভিযোগ তুলেছে All India Football Federation। ফেডারেশনের দাবি, নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও দুই ক্লাব প্রথম কিস্তির ৩০ লাখ টাকাও জমা করেনি। ফলে দুই হেভিওয়েট ক্লাবকে বাড়তি সময় দিয়ে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।ফেডারেশন সূত্রে জানা গিয়েছে, চলতি আইএসএলে অংশ নিতে প্রতিটি ক্লাবকে মোট ৮০ লাখ টাকা দিতে হবে। সেই অর্থ তিন ধাপে জমা দেওয়ার নির্দেশ ছিল। প্রথম ধাপে ৫ মার্চের মধ্যে ৩০ লাখ, দ্বিতীয় ধাপে ২৮ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে আরও ৩০ লাখ, এবং শেষ ২০ লাখ ১ মের মধ্যে দেওয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স কোনও কিস্তিই জমা দেয়নি বলে অভিযোগ।প্রথম কিস্তির সময়সীমা পেরিয়ে যাওয়ার পর AIFF আগেই জানিয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না এলে প্রতিদিন ১ লাখ টাকা জরিমানা করা হবে। পাশাপাশি চরম পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট ক্লাবকে আইএসএল থেকে বাদ দেওয়ার কথাও জানানো হয়েছিল। তবে শেষ মুহূর্তে দুই ক্লাবকে আরও কিছুটা সময় দিয়েছে ফেডারেশন।সবচেয়ে বড় বার্তা এসেছে ভবিষ্যৎ নিয়ে। ফেডারেশন স্পষ্ট করে দিয়েছে, এবার অতিরিক্ত সময়ের মধ্যেও বকেয়া না মেটালে আগামী মরসুমের আইএসএল থেকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্সকে ছাঁটাই করা হতে পারে। ভারতীয় ফুটবলের দুই জনপ্রিয় ক্লাবকে ঘিরে এই আর্থিক জটিলতা এখন সমর্থকদের মধ্যেও তীব্র উদ্বেগ তৈরি করেছে।