বিধানসভা ভোটে ধাক্কার পর বার কাউন্সিলে বড় জয়, ২৩টির মধ্যে ১৫ আসন তৃণমূলের দখলে!
নিজস্ব সংবাদদাতা : সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বড়সড় রাজনৈতিক ধাক্কা খেলেও রাজ্য বার কাউন্সিলের নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির। ২৩টি আসনের মধ্যে ১৫টিতেই জয় পেয়েছেন তৃণমূলপন্থী প্রার্থীরা। এই ফলাফলকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে চর্চা—বিধানসভা নির্বাচনের ধাক্কার পর কি সংগঠনের অন্য স্তরে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে তৃণমূল?রাজ্য বার কাউন্সিলের নির্বাচনে তৃণমূলের দখলে এসেছে ১৫টি আসন। জয়ী প্রার্থীদের সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বলে দাবি সংশ্লিষ্ট মহলের।
অন্যদিকে বিজেপি পেয়েছে ৩টি আসন, সিপিএম ৩টি এবং কংগ্রেসের দখলে এসেছে ২টি আসন।তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের সদস্য সঞ্জয় বর্ধন জানান, গত মার্চে রাজ্যের বিভিন্ন জেলা আদালতে পেশায় নিযুক্ত আইনজীবীদের ভোটে নতুন রাজ্য বার কাউন্সিল গঠনের প্রক্রিয়া শুরু হয়। নতুন নিয়ম অনুযায়ী, মোট ২৩টি আসনের মধ্যে ৫টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। সেই পাঁচটি মহিলা আসনের মধ্যে চারটিতেই জয় পেয়েছেন তৃণমূলপন্থী প্রার্থীরা।বিধানসভা নির্বাচনে তৃণমূলের ফলাফল এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বার কাউন্সিলের এই ফলাফল দলটির কাছে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিশেষ করে আইনজীবী মহলে তৃণমূলের প্রভাব কতটা রয়েছে, এই ফলাফল তারই একটি ইঙ্গিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।