ভোটের আগে বড়সড় ঝাড়াই! পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্যে বাদ ৫ কোটির বেশি ভোটার

নিজস্ব সংবাদদাতা: দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শেষ হতেই সামনে এল বড় পরিসংখ্যান। পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে, মোট ভোটার সংখ্যা কমেছে ৫ কোটি ১৮ লক্ষেরও বেশি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সংশোধনের আগে এই ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ভোটার ছিলেন ৫০ কোটি ৯৯ লক্ষ, যা এসআইআর শেষে নেমে এসেছে ৪৫ কোটি ৮১ লক্ষে। অর্থাৎ মোট ভোটারের প্রায় ১০.২ শতাংশ নাম বাদ পড়েছে।সবচেয়ে তাৎপর্যপূর্ণ তথ্য, এই বাদ পড়া নামের মধ্যে মৃত ভোটারের সংখ্যা ৬৬ লক্ষ ৮৮ হাজার ৬৩৬। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট ও ভুয়ো নাম চিহ্নিত করতেই এই বিশেষ অভিযান চালানো হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত ভোটারের নাম বাদ পড়েছে উত্তরপ্রদেশে—২৫ লক্ষ ৪৭ হাজার। তার ঠিক পরেই রয়েছে পশ্চিমবঙ্গ, যেখানে ২৪ লক্ষ ১৬ হাজার মৃত ভোটারের নাম মুছে দেওয়া হয়েছে।উল্লেখ্য, দেশে প্রথম এই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছিল বিহারে। পরে গত বছরের ২৭ অক্টোবর দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, গুজরাত, তামিলনাড়ু, রাজস্থান, ছত্তীসগঢ়, কেরল, মধ্যপ্রদেশ, গোয়া এবং পুদুচেরি, আন্দামান-নিকোবর ও লক্ষদ্বীপে এই প্রক্রিয়া চালু হয়। দীর্ঘ যাচাই, বাড়ি বাড়ি সমীক্ষা এবং নথি মিলিয়ে অবশেষে প্রকাশিত হয়েছে চূড়ান্ত তালিকা।রাজনৈতিক মহলে এই বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো নির্বাচনের মুখে থাকা রাজ্যে এত বড় সংখ্যায় ভোটার তালিকা সঙ্কুচিত হওয়ায় বিরোধী দলগুলি কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। তবে কমিশনের দাবি, স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরির লক্ষ্যেই এই পদক্ষেপ।বিধানসভা নির্বাচনের আগে এই সংশোধিত তালিকা যে রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে, তা নিয়ে এখন থেকেই জল্পনা তুঙ্গে।