নবান্নে প্রথম বৈঠকেই বড় পদক্ষেপ,কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ!

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই একগুচ্ছ বড় সিদ্ধান্তের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari। নবান্নে অনুষ্ঠিত এই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় একাধিক প্রকল্পে সক্রিয় ভাবে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। পাশাপাশি সরকারি চাকরির আবেদনের বয়সসীমা পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপির অকালে ঝরে যাওয়া ৩২১ জন কর্মীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। তাঁদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। হত্যার বিচার তাঁরা চান, আমরা সেই বিচার দেব।” প্রথম বৈঠকেই রাজ্যে চালু হল ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প। মুখ্যমন্ত্রী জানান, সোমবার থেকেই পশ্চিমবঙ্গ এই প্রকল্পে আনুষ্ঠানিক ভাবে যুক্ত হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বিমা যোজনা, পিএম শ্রী, বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং উজ্জ্বলা যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পগুলিকেও দ্রুত বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে আইএএস আধিকারিকদের কেন্দ্রীয় প্রশিক্ষণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনকে দ্রুত সমস্ত আবেদন কেন্দ্রীয় মন্ত্রকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা পাঁচ বছর বৃদ্ধি করা হচ্ছে। তাঁর কথায়, “২০১৫ সালের পর রাজ্যে নিয়োগ প্রায় বন্ধ ছিল। ফলে বহু শিক্ষিত যুবক-যুবতীর বয়স পেরিয়ে গিয়েছে। তাঁদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।” আইন ব্যবস্থাতেও বড় পরিবর্তনের কথা ঘোষণা করেন শুভেন্দু। তিনি জানান, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর আওতায় আনুষ্ঠানিক ভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ। তাঁর অভিযোগ, এতদিন অত্যন্ত অবৈধ ভাবে পুরনো আইপিসি ও সিআরপিসি চালানো হচ্ছিল। সীমান্ত নিরাপত্তা নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হবে। এ বিষয়ে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী হিসেবে শপথ নেওয়া দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রমাণিক। যদিও এখনও পর্যন্ত তাঁদের দফতর বণ্টন করা হয়নি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী সোমবার ফের মন্ত্রিসভার বৈঠক হবে। সেই বৈঠকে আরজি কর-কাণ্ড, নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পে কমিশন, ডিএ এবং বকেয়া এরিয়ার নিয়ে আলোচনা করা হবে।