ইংল্যান্ডের বিশ্বকাপ দলে বড় চমক, বাদ ফোডেন-পামার-ম্যাগুয়ের-আর্নল্ড
নিজস্ব সংবাদদাতা : ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করলেন ইংল্যান্ডের নতুন কোচ থমাস টুখেল। ঘোষিত দলে যেমন রয়েছে একাধিক চমক, তেমনই বাদ পড়েছেন বেশ কয়েকজন তারকা ফুটবলার। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দল গড়ে আমেরিকায় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই এগোতে চাইছেন ইংল্যান্ড কোচ। দল থেকে বাদ পড়েছেন ফিল ফোডেন, কোল পামার, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড এবং হ্যারি ম্যাগুয়ের-এর মতো বড় নাম। এছাড়াও সুযোগ পাননি মর্গ্যান গিবস-হোয়াইট, অ্যাডাম হোয়ার্টন এবং জেমস গার্নারও।
অন্যদিকে চোট সমস্যায় ভোগা জন স্টোনস-কে দলে রেখেছেন টুখেল। অভিজ্ঞতার জন্য ফিরেছেন জর্ডান হেন্ডারসন। সবচেয়ে বড় চমক, দীর্ঘদিন জাতীয় দলে উপেক্ষিত থাকার পরও স্কোয়াডে জায়গা পেয়েছেন ইভান টোনি। দল ঘোষণার পর টুখেল বলেন,“দল নির্বাচন করতে গিয়ে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে যারা আছে তাদের উপর পুরো বিশ্বাস রয়েছে। ওরা এই দলে থাকার যোগ্য। দেশকে গর্বিত করতে পারে এমন ফুটবলারদেরই দলে রেখেছি আমরা।” এদিকে দল থেকে বাদ পড়ে হতাশা প্রকাশ করেছেন হ্যারি ম্যাগুয়ের। সমাজমাধ্যমে তিনি লেখেন, “দেশের হয়ে বিশ্বকাপে ভাল খেলার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু শুনলাম দলে আমার জায়গা হয়নি। এই সিদ্ধান্তে আমি আহত ও বিধ্বস্ত।” বিশ্বকাপে ইংল্যান্ড কতটা সফল হবে, তা সময় বলবে। তবে দল নির্বাচন ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর বিতর্ক।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল:
গোলরক্ষক:
জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন, জেমস ট্র্যাফোর্ড।
রক্ষণভাগ:
রিস জেমস, টিনো লিভরামেন্তো, মার্ক গুহি, এজরি কনসা, জন স্টোনস, জারেল কোয়ানসা, নিকো ও'রাইলি, ড্যান বার্ন, ডিজেড স্পেন্স।
মিডফিল্ডার:
ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহ্যাম, জর্ডান হেন্ডারসন, মর্গ্যান রজার্স, কোবি মাইনু, এবেরেচি এজে।
ফরোয়ার্ড:
হ্যারি কেন, ইভান টোনি, অলি ওয়াটকিন্স, বুকায়ো সাকা, ননি মাদুয়েকে, মার্কাস র্যাশফোর্ড, অ্যান্থনি গর্ডন।