মণিপুরে ভয়াবহ বিস্ফোরণে দুই শিশুর মৃত্যু, ৫ জেলায় ইন্টারনেট বন্ধ; উত্তপ্ত বিষ্ণুপুরে কারফিউ!
নিজস্ব সংবাদদাতা : মণিপুরে ফের অশান্তির আগুন জ্বালাল এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। বিষ্ণুপুর জেলার মইরাংয়ের ট্রংলাওবি আওয়াং লেইকাই এলাকায় গভীর রাতে একটি বাড়িতে বিস্ফোরক হামলায় মৃত্যু হয়েছে এক ৫ বছরের শিশু ও ৬ মাসের এক শিশুকন্যার। গুরুতর জখম হয়েছেন তাঁদের মা। এই মর্মান্তিক ঘটনার পরই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।সরকারি নির্দেশ অনুযায়ী, ইম্ফল ইস্ট, ইম্ফল ওয়েস্ট, থৌবল, কাকচিং এবং বিষ্ণুপুর— এই পাঁচ জেলায় ৭ এপ্রিল দুপুর ২টো থেকে তিন দিনের জন্য মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে বিষ্ণুপুরে জারি করা হয়েছে কারফিউ।
প্রশাসনের দাবি, গুজব ও ভুয়ো খবর ছড়ানো রুখতেই এই পদক্ষেপ, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি না ঘটে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘুমন্ত অবস্থায় থাকা পরিবারটির বাড়ি লক্ষ্য করে সন্দেহভাজন জঙ্গিরা বিস্ফোরক বা রকেটজাতীয় প্রজেক্টাইল নিক্ষেপ করে। রাত প্রায় ১টা নাগাদ ঘটে যাওয়া এই হামলায় ঘরের একটি অংশ ভেঙে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই শিশু, গুরুতর আহত অবস্থায় তাঁদের মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। একাধিক জায়গায় বিক্ষোভ, অগ্নিসংযোগ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের খবর সামনে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। প্রশাসন গোটা এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে, যাতে পরিস্থিতি আরও না জটিল হয়।নতুন করে এই হিংসার ঘটনায় ফের প্রশ্নের মুখে মণিপুরের শান্তি ও নিরাপত্তা পরিস্থিতি। দীর্ঘদিনের জাতিগত অশান্তির আবহে এই বিস্ফোরণ রাজ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।