শালবনিতে লক্ষ টাকা পুরস্কার ঘোষিত মাওবাদী নেতা গ্রেফতার!

সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুরের শালবনি থেকে গ্রেফতার করা হল পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষিত মাওবাদী নেতা রাজু মাহাতো ওরফে পতিত পবন মাহাতো ওরফে মঙ্গলকে। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে স্ত্রী মালতী মুর্মু ওরফে মালাকেও। তাঁর বিরুদ্ধেও দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল বলে জানা গিয়েছে।সূত্রের দাবি, শালবনি থানার ৫ নম্বর লালগেড়িয়া অঞ্চলের সরবেড়িয়া গ্রামে STF গোপন অভিযান চালিয়ে দু’জনকে আটক করে। পরে তাঁদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজু ও মালতী শীর্ষ মাওবাদী নেতা অসীম মণ্ডল ওরফে আকাশের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অসীম মণ্ডলের সঙ্গে তাঁরা আত্মগোপন করে ছিলেন বলেও তদন্তকারীদের দাবি। অসীম মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই রাজু ও মালতীর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছিল বলে জানা গিয়েছে।গোপন সূত্রে সরবেড়িয়া গ্রামে তাঁদের অবস্থানের খবর পাওয়ার পর অভিযান চালায় STF। সেখান থেকেই দু’জনকে গ্রেফতার করা হয় বলে সূত্রের দাবি।গ্রেফতারের পর তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাওবাদী সংগঠনের সঙ্গে তাঁদের যোগাযোগ, আত্মগোপন অবস্থায় গতিবিধি এবং সংগঠনের অন্যান্য সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা।তবে রাজু মাহাতো ও মালতী মুর্মুর গ্রেফতারির বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।