খড়্গপুরে মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করল স্বল্প প্রচেষ্টা ও সৃজনী যুব কল্যাণ সমিতির!
অপূর্ব মজুমদার : খড়্গপুরে মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করল স্বল্প প্রচেষ্টা ও সৃজনী যুব কল্যাণ সমিতি। তাদের যৌথ উদ্যোগে মালঞ্চ স্বাধীন ক্লাবের মাঠে ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো তৃতীয় বার্ষিক গণবিবাহ অনুষ্ঠান।এদিন মোট পাঁচটি দম্পতির বিবাহ সম্পন্ন হয়। এর মধ্যে তিনটি দম্পতি খড়্গপুরের এবং দুটি ঝাড়গ্রামের বাসিন্দা। উল্লেখযোগ্যভাবে, এক নন-বেঙ্গলি দম্পতিও এই সামাজিক উদ্যোগের অংশ হন।
নবদম্পতিদের নতুন জীবনের সূচনায় পাশে দাঁড়িয়ে আয়োজকরা প্রত্যেককে খাট, বিছানা, আলমারি, সাইকেল, বাসনপত্র, মেকআপ সেট, শাড়ি, ধুতি-পাঞ্জাবি এবং এক মাসের রেশন সামগ্রী উপহার দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর পারমিতা ঘোষ, সমাজসেবী দীপক কুমার দাসগুপ্ত, অধ্যাপক কিংকর ঘোষ, রূপেশ বোস, মনোজ দে, জয়ন্ত ঘোষ, রবি মিত্র প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁদের উপস্থিতি ও শুভেচ্ছা বার্তা অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে।এই বৃহৎ আয়োজন সফল করতে আয়োজকদের পক্ষ থেকে অক্লান্ত পরিশ্রম করেন সুদীপ সরকার, অনিকেত সেনগুপ্ত, জয়ন্ত ঘোষ, কাকলি ঘোষ, শিবাশীষ ঘোষালসহ আরও অনেকে। সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে এভাবেই এক উজ্জ্বল সামাজিক দৃষ্টান্ত গড়ে তুলল খড়্গপুর।