মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবসে মেদিনীপুরে শ্রদ্ধার্ঘ্য

নিজস্ব সংবাদদাতা :দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আত্মত্যাগের এক উজ্জ্বল অধ্যায়ের নাম বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা। তাঁর আত্মবলিদান দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল মেদিনীপুর। মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন ইউনিট এবং মেদিনীপুর তরুণ থিয়েটারের উদ্যোগে পৃথক কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে মেদিনীপুর কলেজ রোড এবং মীরবাজারে অবস্থিত মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। স্বাধীনতা সংগ্রামে তাঁর অসামান্য সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগের কথা স্মরণ করে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা।অন্যদিকে, মেদিনীপুর তরুণ থিয়েটারের পক্ষ থেকেও মীরবাজারে অবস্থিত মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করা হয়। অনুষ্ঠানে তাঁর জীবন, স্বাধীনতা আন্দোলনে ভূমিকা এবং দেশের জন্য আত্মবলিদানের তাৎপর্য স্মরণ করা হয়।দুই সংগঠনের পৃথক কর্মসূচিতে বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন তারাপদ বারিক, অমিতাভ দাস, ডাঃ অসীম মাইতি, সবিতা মান্না, সুরজিৎ সেন, বিশ্বজিৎ কুণ্ডু, সুদীপ কুমার খাঁড়া-সহ অন্যান্য বিশিষ্টজন ও সংগঠনের সদস্যরা।মাতঙ্গিনী হাজরার আত্মত্যাগকে স্মরণ করে বক্তারা বলেন, স্বাধীনতার জন্য তাঁর অদম্য সাহস ও আত্মবলিদান আজও নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস। তাঁর স্মৃতি ও আদর্শকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে কর্মসূচিতে।