১৫ অক্টোবর থেকে নির্দিষ্ট UPI ব্যবসায়িক লেনদেনে বসছে MDR, ২০০০ টাকা পর্যন্ত লেনদেন থাকছে সম্পূর্ণ বিনামূল্যে

নিজস্ব সংবাদদাতা:ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে। আগামী ১৫ অক্টোবর থেকে নির্দিষ্ট কিছু ব্যবসায়িক UPI লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চালু করা হবে। তবে সাধারণ গ্রাহকদের জন্য UPI লেনদেন আগের মতোই বিনামূল্যে থাকবে। বিশেষ করে ২,০০০ টাকা পর্যন্ত UPI লেনদেনে কোনও মাশুল দিতে হবে না।মঙ্গলবার সন্ধ্যায় বিবৃতি দিয়ে বিষয়টি স্পষ্ট করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। একই সঙ্গে UPI-এর নতুন MDR কাঠামোও প্রকাশ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট ক্ষেত্রে ২,০০০ টাকার বেশি মূল্যের মার্চেন্ট লেনদেনে সর্বোচ্চ ০.৪ শতাংশ পর্যন্ত MDR ধার্য হতে পারে।তবে ছোট ব্যবসায়ীদের জন্য থাকছে স্বস্তির খবর। QR কোডের মাধ্যমে প্রতি মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনকারী ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে MDR নেওয়া হবে না। ফলে ক্ষুদ্র ব্যবসা ও স্থানীয় দোকানগুলির ডিজিটাল লেনদেনের উপর নতুন মাশুলের প্রভাব তুলনামূলকভাবে কম থাকবে।নির্দিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ পরিষেবা ও খাতের ক্ষেত্রে আবার আলাদা মাশুলের কাঠামো রাখা হয়েছে। রেল, টেলিকম, বিমা, জ্বালানি, কৃষি উপকরণ-সহ নির্দিষ্ট বিভাগে ২,০০০ টাকার বেশি প্রতিটি UPI লেনদেনের জন্য ৫ টাকা MDR প্রযোজ্য হবে।অন্যদিকে, মিউচুয়াল ফান্ড, সিকিউরিটিজ, স্টক ব্রোকার ও ডিলারদের মতো আর্থিক পরিষেবা সংক্রান্ত পেমেন্টের ক্ষেত্রে ০.০২ শতাংশ হারে MDR ধার্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চমূল্যের Peer-to-Merchant (P2M) লেনদেনের ক্ষেত্রেও নির্দিষ্ট হারে মাশুল প্রযোজ্য হবে। তবে বড় অঙ্কের লেনদেন হলেও প্রতি লেনদেনে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত MDR নেওয়া যাবে।এই MDR থেকে পাওয়া অর্থ পেমেন্ট ইকোসিস্টেমের বিভিন্ন অংশীদারের মধ্যে ভাগ হবে। এর মধ্যে ব্যাঙ্ক, পেমেন্ট অ্যাপ এবং অন্যান্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি থাকবে।UPI-এর মাশুল নিয়ে বিতর্কের মধ্যেই কেন্দ্রীয় অর্থ মন্ত্রকও স্পষ্ট করে জানিয়েছে, সাধারণ গ্রাহকদের উপর কোনও অতিরিক্ত মাশুল চাপানো হবে না। ১৪ সেপ্টেম্বর জারি করা কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২,০০০ টাকা পর্যন্ত UPI লেনদেনে গ্রাহকের কাছ থেকে কোনও অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না।শুধু UPI নয়, RuPay ডেবিট কার্ডের মাধ্যমে ২,০০০ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রেও গ্রাহকের কাছ থেকে সরাসরি বা পরোক্ষভাবে কোনও মাশুল নেওয়া যাবে না। ব্যাঙ্ক বা পেমেন্ট সিস্টেম প্রদানকারী সংস্থাগুলিও এই ধরনের লেনদেনে অতিরিক্ত চার্জ ধার্য করতে পারবে না।ফলে নতুন MDR কাঠামোর মূল প্রভাব পড়বে নির্দিষ্ট উচ্চমূল্যের ব্যবসায়িক লেনদেনে। সাধারণ মানুষ দৈনন্দিন কেনাকাটা বা ছোট অঙ্কের UPI পেমেন্ট করার ক্ষেত্রে আপাতত আগের মতোই বিনা মাশুলে UPI পরিষেবা ব্যবহার করতে পারবেন