মেদিনীপুরে বিজেপির নতুন দলীয় কার্যালয়ের উদ্যোগ, মহাষষ্ঠীতে ভূমিপূজা!
সেখ ওয়ারেশ আলী : পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় দলের সাংগঠনিক পরিকাঠামো আরও মজবুত করার লক্ষ্যে মেদিনীপুরে নতুন দলীয় কার্যালয় নির্মাণের উদ্যোগ নিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মহাষষ্ঠীর পুণ্যলগ্নে মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায় দলের নিজস্ব জমিতে প্রস্তাবিত কার্যালয় ভবনের ভূমিপূজা অনুষ্ঠিত হয়। পুজো-পাঠের মধ্য দিয়ে নতুন ভবন নির্মাণের আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী দিলীপ ঘোষ।দলীয় নেতৃত্বের আশা, এই নতুন কার্যালয় আগামী দিনে বিজেপির সাংগঠনিক কাজকর্মকে আরও গতিশীল করবে। পাশাপাশি, বিভিন্ন স্তরের দলীয় কার্যকর্তাদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাংগঠনিক কর্মসূচি পরিচালনার ক্ষেত্রেও এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ভূমিপূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, মেদিনীপুরের বিধায়ক ডক্টর শঙ্কর কুমার গুছাইত, বিজেপির জেলা সভাপতি সৌমেন তেওয়ারি-সহ বিভিন্ন বিধানসভা এলাকার বিধায়ক, দলীয় নেতৃত্ব ও কার্যকর্তারা। তাঁদের উপস্থিতিতে কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।রাজ্যের প্রতিটি জেলায় দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার যে পরিকল্পনা বিজেপি গ্রহণ করেছে, মেদিনীপুরে নতুন কার্যালয় নির্মাণের উদ্যোগকে তারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই কার্যালয় ভবিষ্যতে দলের সাংগঠনিক কার্যকলাপ ও কর্মসূচি পরিচালনার অন্যতম কেন্দ্র হয়ে উঠবে বলে আশা দলীয় নেতৃত্বের।