মেদিনীপুর সুইমিং ক্লাবের সংবর্ধনায় আবেগঘন আফরিন, লক্ষ্য এবার ক্যাটালিনা চ্যানেল!

নিজস্ব সংবাদদাতা : ১৮ই মে, সোমবার মেদিনীপুর সুইমিং ক্লাবের পক্ষ থেকে মেদিনীপুরের কৃতি সাঁতারু আফরিন জাবিকে সংবর্ধনা জানানো হয়। এই বিশেষ অনুষ্ঠানে শহরের বহু বিশিষ্ট ব্যক্তি ও গুণীজন উপস্থিত থেকে তাঁকে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করিয়ে তাঁর উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মেদিনীপুরের বিধায়ক ডাঃ শঙ্কর কুমার গুচ্ছাইত, পশ্চিম মেদিনীপুর জেলার এসপি পাপিয়া সুলতানা, মেদিনীপুর রোটারি আই হসপিটালের চেয়ারম্যান তথা বিশিষ্ট ব্যবসায়ী মদনমোহন মাইতি, মেদিনীপুর সুইমিং ক্লাবের সম্পাদক পল্লব চ্যাটার্জি, ওয়ার্কিং প্রেসিডেন্ট আশিস চক্রবর্তী সহ আরও অনেকে।

সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে আফরিন বলেন, “এত মানুষের সামনে দাঁড়িয়ে যে ভালোবাসা, হাততালি আর আশীর্বাদ পেলাম, সেটা কোনওদিন ভুলব না। তখন মনে হচ্ছিল এই সাফল্য শুধু আমার একার নয়, এটা তাঁদের সবার, যারা প্রতিটা লড়াই আর প্রতিটা ঢেউয়ের সময় আমার পাশে ছিলেন। আমার সব কোচ, বন্ধু, শুভানুধ্যায়ী, মেদিনীপুর সুইমিং ক্লাব এবং যারা সবসময় আমার উপর বিশ্বাস রেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।”

মেদিনীপুর রোটারি আই হসপিটালের চেয়ারম্যান মদন মাইতি বলেন, “জেলার একজন প্রতিভাবান সাঁতারু বাংলা তথা দেশের নাম উজ্জ্বল করেছেন। অর্থের অভাবে যদি তাঁর স্বপ্ন থেমে যায়, তার থেকে দুঃখের কিছু হতে পারে না। তাই আমাদের সামর্থ্য অনুযায়ী তাঁকে সাহায্য করার চেষ্টা করেছি।”পশ্চিম মেদিনীপুর জেলার এসপি পাপিয়া সুলতানা নতুন প্রজন্মের খেলোয়াড়দের প্রতি সমর্থন ও উৎসাহের গুরুত্ব তুলে ধরে আফরিনের আগামী দিনের সাফল্যের জন্য শুভেচ্ছা জানান।আগামী জুলাই মাসে বিশ্বের অন্যতম কঠিন ওপেন ওয়াটার সাঁতার প্রতিযোগিতা ‘ক্যাটালিনা চ্যানেল’ পার করার লক্ষ্য নিয়েছেন আফরিন জাবি।