মেদিনীপুরে শিবম্ ও দুর্গা নার্সিং হোমের রক্তদান শিবিরে ৮৯ ইউনিট রক্ত সংগ্রহ
নিজস্ব সংবাদদাতা : গ্রীষ্মকালে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা বেড়ে যাওয়ায় সেই সংকট কিছুটা হলেও কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল মেদিনীপুর শহরের শিবম্ ও দুর্গা নার্সিং হোম কর্তৃপক্ষ। রবিবার শিবম্ নার্সিং হোম ক্যাম্পাসে আয়োজিত এক স্বেচ্ছা রক্তদান শিবিরে ৮৯ জন রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। এই শিবিরে দুই নার্সিং হোমের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, কর্মচারী ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করে মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড সেন্টার। অনুষ্ঠানের সূচনায় উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রক্তদাতাদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক ড. শংকর গুছাইত, বিশিষ্ট চিকিৎসক ডাঃ টি. কে. বিশ্বাস, ডাঃ অনুরাধা বিশ্বাস-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রক্তের কোনও বিকল্প নেই। দুর্ঘটনা, অস্ত্রোপচার, থ্যালাসেমিয়া ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে নিয়মিত রক্তের প্রয়োজন হয়। সেই কারণেই সমাজের সর্বস্তরের মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। শিবিরে অংশগ্রহণকারী রক্তদাতাদের হাতে স্মারক ও শংসাপত্র তুলে দেওয়া হয়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন। রক্তদান শিবিরকে কেন্দ্র করে দিনভর উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়। সমাজসেবামূলক এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথি ও সাধারণ মানুষ।