২০ বছরে ২৫ বার বদলি, তবু আপসহীন! আদালতের ক্যান্টিনেও রেড চালিয়ে শিরোনামে IAS তুকারাম মুন্ধে!

নিজস্ব সংবাদদাতা : বলিউডের ‘রেড’ ছবিতে দুর্নীতির বিরুদ্ধে নির্ভীক ইনকাম ট্যাক্স অফিসারের চরিত্রে অজয় দেবগণের অভিনয় দর্শকদের মনে আজও তাজা। তবে এবার সিনেমার পর্দায় নয়, বাস্তবেই তেমনই এক কড়া প্রশাসকের ভূমিকায় উঠে এসেছেন মহারাষ্ট্র ক্যাডারের আইএএস অফিসার তুকারাম মুন্ধে। তাঁর সাম্প্রতিক পদক্ষেপ দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।মহারাষ্ট্রে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গত দু’মাসে নজিরবিহীন অভিযান চালিয়েছে রাজ্যের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। রেস্তোরাঁ, হোটেল, ক্লাব, মিষ্টির দোকান থেকে শুরু করে বিভিন্ন খাদ্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে একের পর এক তল্লাশি চালিয়ে ভেজাল খাদ্য বাজেয়াপ্ত, লাইসেন্স স্থগিত এবং নিষিদ্ধ পণ্যের বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই অভিযানের নেতৃত্বে রয়েছেন ২০০৫ ব্যাচের আইএএস অফিসার তুকারাম মুন্ধে। চলতি বছরের ২৫ মে তিনি মহারাষ্ট্র FDA-র কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই খাদ্যের মান ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে মুম্বই-সহ বিভিন্ন শহরের একাধিক রেস্তোরাঁ, ক্লাব ও খাদ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যবসাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।তবে এই অভিযানকে ঘিরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে বম্বে হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ ছিল, যদি বেসরকারি রেস্তোরাঁ ও খাবারের দোকানে অভিযান চালানো হয়, তাহলে সরকারি ও আধা-সরকারি ক্যান্টিনগুলিকেও একইভাবে পরীক্ষা করা উচিত।

হাইকোর্টের এই পর্যবেক্ষণের পরেই দ্রুত পদক্ষেপ করেন তুকারাম মুন্ধে। পরদিন সকালেই তিনি বম্বে হাইকোর্ট চত্বরে থাকা ক্যান্টিন ও খাবারের স্টলগুলিতে আকস্মিক অভিযান চালান। সেই তল্লাশিতে একাধিক স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অনিয়ম ধরা পড়ে।এরপর সংশ্লিষ্ট ক্যান্টিন ও স্টলগুলিকে 'স্টপ বিজনেস' নোটিস দেওয়া হয়। প্রয়োজনীয় লাইসেন্স, স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তার নিয়ম পূরণ না হওয়া পর্যন্ত ব্যবসা বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়।শুধু হাইকোর্ট চত্বরেই নয়, গত দু’মাসে তুকারাম মুন্ধের নেতৃত্বে মহারাষ্ট্র জুড়ে ১,১০০-রও বেশি খাদ্য প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। নামী রেস্তোরাঁ, হোটেল, ক্লাব, দুগ্ধ সংস্থা-সহ বহু প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভেজাল খাদ্য, স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং খাদ্য নিরাপত্তা আইন না মানার অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

২০ বছরে ২৫ বার বদলি

প্রশাসনিক মহলে তুকারাম মুন্ধে তাঁর আপসহীন মনোভাবের জন্য সুপরিচিত। ২০০৫ সালে আইএএস হিসেবে যোগদানের পর গত দুই দশকে তাঁকে ২৫ বার বদলি করা হয়েছে। বিভিন্ন সময়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, নিয়ম প্রয়োগে আপস না করা এবং রাজনৈতিক বা প্রশাসনিক চাপের কাছে নতি স্বীকার না করার কারণে তিনি বারবার আলোচনায় এসেছেন।সমর্থকদের কাছে তিনি একজন সৎ, নির্ভীক ও কর্মনিষ্ঠ আমলা। অন্যদিকে, তাঁর কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিয়ে বিতর্কও কম হয়নি। তবে সাম্প্রতিক খাদ্য নিরাপত্তা অভিযান এবং আদালতের পর্যবেক্ষণের পর আদালতের নিজস্ব ক্যান্টিনেও সমানভাবে অভিযান চালিয়ে তিনি আবারও প্রমাণ করেছেন—আইনের প্রয়োগে তাঁর কাছে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কোনও ভেদাভেদ নেই।