২০২৬ সালের জনগণনায় কুড়মালি ভাষার পৃথক কোডের দাবিতে কেন্দ্রের কাছে স্মারকলিপি!
নিজস্ব সংবাদদাতা : আসন্ন জনগণনা (আদমশুমারি)-তে কুড়মালি ভাষার জন্য পৃথক ভাষা কোডের দাবিতে দেশের রেজিস্ট্রার জেনারেল ও সেন্সাস কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিল আদিবাসী কুড়মি সমাজের কেন্দ্রীয় কমিটি। বুধবার, ৬ আগস্ট এই স্মারকলিপি পেশ করা হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিদ্যুৎ বরণ মাহাতো এবং চন্দ্র প্রকাশ চৌধুরী।স্মারকলিপিতে দাবি করা হয়েছে, কুড়মি সম্প্রদায়ের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও স্বতন্ত্র পরিচয় রয়েছে। কুড়মালি ভাষা ইতিমধ্যেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বীকৃতি পেয়েছে এবং ভাষাটির পাঠদানও শুরু হয়েছে।
পাশাপাশি কুড়মালি ভাষার সমৃদ্ধ লোকসাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য দীর্ঘদিন ধরে বহমান।সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পৃথক ভাষা কোড না থাকায় জনগণনায় কুড়মি জনগোষ্ঠীর প্রকৃত জনসংখ্যা এবং কুড়মালি ভাষাভাষীর সঠিক পরিসংখ্যান প্রতিফলিত হয় না। এর ফলে ভাষা সংরক্ষণ, শিক্ষা, সাংস্কৃতিক বিকাশ এবং বিভিন্ন উন্নয়নমূলক নীতি প্রণয়নের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে।এই প্রেক্ষিতে, ২০২৬ সালের জনগণনায় কুড়মালি ভাষার জন্য পৃথক ভাষা কোড অন্তর্ভুক্ত করার পাশাপাশি, দেশের সব রাজ্যের জনগণনা কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা জারির দাবি জানানো হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।সংগঠনের আশা, কুড়মালি ভাষার জন্য পৃথক কোড চালু হলে কুড়মি সম্প্রদায়ের ভাষাগত ও সাংস্কৃতিক পরিচয় সরকারি নথিতে যথাযথভাবে প্রতিফলিত হবে এবং ভবিষ্যতে ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।