ক্যাবিনেট বৈঠকের পর বড় সিদ্ধান্ত,‘অন্নপূর্ণা ভান্ডার’-এর সঙ্গে ফ্রি বাস পরিষেবা !
নিজস্ব সংবাদদাতা : রাজ্যের দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠকের পর বড় ঘোষণা করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্পে অনুমোদন দিয়েছে এবং আগামী ১ জুন থেকেই শুরু হবে টাকা দেওয়া। মন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমানে যারা ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদের প্রত্যেকেই সরাসরি নতুন ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্পের আওতায় আসবেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পে প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে মহিলাদের। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতেই এই পদক্ষেপ বলে দাবি সরকারের। অগ্নিমিত্রা পাল বলেন, “আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রত্যেক মহিলা ও শিশুর উন্নয়নের জন্য অন্নপূর্ণা ভান্ডার চালু করা হবে। সেই প্রতিশ্রুতি পূরণ হল।” এছাড়াও যাঁদের নাম বিভিন্ন কারণে বাদ গিয়েছে, তাঁদের ক্ষেত্রে ভোটার তালিকা ধরে যাচাই করা হবে বলে জানানো হয়েছে। তবে ট্রাইবুনালে যাঁদের আবেদন বিচারাধীন রয়েছে, তাঁরাও আপাতত এই প্রকল্পের সুবিধা পাবেন বলে স্পষ্ট জানিয়েছে সরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই প্রকল্পে আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে। খুব শীঘ্রই চালু হতে চলেছে বিশেষ পোর্টাল, যেখানে সহজেই আবেদন জমা দেওয়া যাবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী। শুধু অন্নপূর্ণা ভান্ডারই নয়, রাজ্যের মহিলাদের জন্য আরও এক বড় ঘোষণা করেছে সরকার। সরকারি বাসে মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুবিধাও চালু করা হচ্ছে বলে জানানো হয়েছে।