ইসকনের হাতেই মিড ডে মিল,সপ্তাহে ১-২ দিন মিলবে ডিম, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!
Biplabi Sambad Darpan -
নিজস্ব সংবাদদাতা:মিড ডে মিলে ইসকনের ভূমিকা নিয়ে চলা বিতর্কের মধ্যেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যের স্কুলগুলিতে ইসকন মিড ডে মিলের দায়িত্ব নিলেও পড়ুয়াদের ডিম থেকে বঞ্চিত হতে হবে না। বরং প্রোটিনসমৃদ্ধ পুষ্টিকর খাবার নিশ্চিত করতে আলাদা করে সেদ্ধ ডিম দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।বুধবার নবান্নে সরকারি স্কুলগুলির জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, দীর্ঘদিন ধরে মিড ডে মিলের বরাদ্দে যে বৈষম্য ছিল, তা দূর করা হয়েছে। এতদিন উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য মাথাপিছু ১০ টাকা বরাদ্দ থাকলেও প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে বরাদ্দ ছিল ৬ টাকা ৭৮ পয়সা। আগামী ১ অগস্ট থেকে প্রাথমিক স্তরেও মাথাপিছু ১০ টাকা করে বরাদ্দ করা হবে। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, ১ অগস্ট থেকেই রাজ্যজুড়ে পাইলট প্রকল্প হিসেবে ইসকন মিড ডে মিল পরিবেশন শুরু করবে। দুপুর ১২টায় এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হবে এবং উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজেও উপস্থিত থাকবেন। তিনি বলেন, ইসকনের পক্ষ থেকে সাত্ত্বিক, স্বাস্থ্যকর ও প্রোটিনসমৃদ্ধ খাবার পরিবেশন করা হবে। পাশাপাশি, পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে সপ্তাহে এক বা দু'দিন সেদ্ধ ডিমও আলাদাভাবে দেওয়া হবে। ফলে নিরামিষ খাবার পরিবেশন হলেও ডিম দেওয়া বন্ধ হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। শুধু তাই নয়, মিড ডে মিল রান্নার সঙ্গে যুক্ত রাঁধুনিদের জন্যও সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁদের মাসিক ভাতা ২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করার ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যেই শিক্ষা মহল ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সরকারের দাবি, এই উদ্যোগের মূল লক্ষ্য হল রাজ্যের স্কুলপড়ুয়াদের আরও উন্নত ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা এবং মিড ডে মিল ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলা।