অবৈধ ই-টিকিট ব্যবসার বিরুদ্ধে বড়সড় অভিযান, পাঁশকুড়া ও মেদিনীপুর থেকে গ্রেপ্তার ২ টিকিট দালাল!

নিজস্ব সংবাদদাতা : রেলের অনলাইন টিকিট সংরক্ষণ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে এবং সাধারণ যাত্রীদের স্বার্থ রক্ষায় বড়সড় অভিযান চালাল রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)। খড়গপুর ডিভিশনের অধীনে পাঁশকুড়া ও মেদিনীপুর এলাকায় সমন্বিত অভিযানে দুই টিকিট দালালকে গ্রেপ্তার করা হয়েছে।আরপিএফ সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় ধৃতদের কাছ থেকে ১৭ হাজার টাকারও বেশি মূল্যের রেলের সংরক্ষিত টিকিট, একাধিক মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অভিযুক্তরা অবৈধভাবে ই-টিকিট বুকিং করে অতিরিক্ত মূল্যে বিক্রির সঙ্গে জড়িত ছিল।রেল কর্তৃপক্ষের দাবি, সাধারণ যাত্রীদের জন্য রেল সংরক্ষণ ব্যবস্থাকে ন্যায্য, স্বচ্ছ এবং দালালমুক্ত রাখতে আরপিএফ নিয়মিত নজরদারি চালাচ্ছে। সেই লক্ষ্যেই অবৈধ টিকিট ব্যবসার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে।আরপিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও অননুমোদিত ই-টিকিটিং ও টিকিট কালোবাজারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। যাত্রীদেরও কোনও ধরনের অবৈধ টিকিট লেনদেনে জড়িত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।