মেদিনীপুর জেলার বেলদাতে প্রয়াত হলেন দৈনিক বিকল্প পত্রিকার সাংবাদিক বৃন্দাবন দাস অধিকারী!

নিজস্ব সংবাদদাতা: ৭ই ফেব্রুয়ারি শনিবার  না ফেরার দেশে পাড়ি দিলেন অবিভক্ত মেদিনীপুর দৈনিক বিকল্প পত্রিকার সম্পাদক ও সাংবাদিক বৃন্দাবন দাস অধিকারী (৮৩)। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতার পাশাপাশি কয়েক বছর আগে বুকে পেসমেকার বসানো হয়। শনিবার হঠাৎই অসুস্থ হলে তাকে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এগরা প্রেসক্লাব ও এগরা মহকুমা বই মেলার সম্পাদক গৌরীশঙ্কর মহাপাত্র তাঁর মৃত্যু সংবাদ পেয়ে বলেন অবিভক্ত মেদিনীপুর জেলার ক্ষুদ্র সংবাদপত্র পত্রিকা সঙ্গে যুক্ত বৃন্দাবন দাস অধিকারী প্রথম থেকেই জেলার ছোটপত্রপত্রিকার সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। প্রয়াত কিশোরী মোহন মন্ডলের মৃত্যুর পরে ১৯৮৮ থেকে অবিভক্ত জেলার প্রথম রেজিস্ট্রার সাংবাদিক সংগঠন কন্টাই প্রেসক্লাব এবং পরবর্তীকালে বিভাজিত হলে ২০০৫ থেকে এগরা প্রেসক্লাবের আমৃত্যু সদস্য ছিলেন। ১৯৮৫ সাল থেকে তিনি বেলদা শহর থেকে দায়বদ্ধ নামে একটি পাক্ষিক পত্রিকা প্রকাশ করতেন। পরবর্তীকালে তা দৈনিক বিকল্প নামে নিয়মিত প্রকাশিত হয়ে আসছিল। তাঁর মৃত্যুতে সংবাদ পত্র জগতে বিশাল ক্ষতি।