রাস্তার জলেই ছিপ, ‘মাছ ধরতে’ বসে বিজেপি প্রার্থীর অভিনব প্রচার! চাঞ্চল্য মেদিনীপুরে!
নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে এবার নজরকাড়া অভিনব কৌশল নিলেন বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত। বুধবার স্টেশন রোড ও ভুঁইয়াপাড়া এলাকায় প্রচারে বেরিয়ে তিনি রাস্তার বড় বড় গর্তে জমে থাকা জলেই ছিপ ফেলে প্রতীকী মাছ ধরতে বসে পড়েন। এই ব্যতিক্রমী প্রচার ঘিরে মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা, খানাখন্দ এবং জল জমে থাকার সমস্যায় নাজেহাল হতে হচ্ছে তাঁদের। সেই ক্ষোভকেই রাজনৈতিক বার্তায় রূপ দিতে বাস্তব পরিস্থিতির মধ্যেই এই অভিনব প্রতিবাদী প্রচার বেছে নেন বিজেপি প্রার্থী।প্রচারের মাঝেই কটাক্ষের সুরে শঙ্কর বলেন, “এই রাস্তা আর রাস্তা নেই, একেবারে পুকুর হয়ে গেছে। এখানে শোল, বোয়াল, রুই-কাতলা—সব মাছই পাওয়া যাবে।” এখানেই থামেননি তিনি। শাসক দলকে নিশানা করে ব্যঙ্গের সুরে আরও বলেন, “মাছ ধরে নেতাদের বাড়িতে পাঠিয়ে দেব।”এই ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, ঘটনাটি যেমন রসিকতার মোড়কে উপস্থাপিত, তেমনই এলাকার পরিকাঠামোর বেহাল চিত্র তুলে ধরার এক তীব্র রাজনৈতিক বার্তা বহন করছে। ভোটের মুখে স্থানীয় সমস্যা যে প্রচারের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে, এই ঘটনাই তার প্রমাণ।