৯৭.৮ শতাংশ নম্বর পেয়ে নজর কাড়ল মেদিনীপুর কলেজিয়েটের ধৃতিমান!
নিজস্ব সংবাদদাতা : ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। এ বছর পাশের হার দাঁড়িয়েছে ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে অষ্টম স্থান অধিকার করল ধৃতিমান পাল। মেদিনীপুর কলেজিয়েট স্কুল-এর এই কৃতি ছাত্র পশ্চিম মেদিনীপুর জেলার একমাত্র পরীক্ষার্থী হিসেবে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। ধৃতিমানের প্রাপ্ত নম্বর ৪৮৯, শতাংশের হিসেবে যা ৯৭.৮ শতাংশ।ধৃতিমানের এই সাফল্যে খুশির হাওয়া পরিবার, বিদ্যালয় এবং গোটা মেদিনীপুর শহর জুড়ে। তাঁর বাবা বুদ্ধদেব পাল পেশায় শিক্ষক এবং মা অনিতা পাল গৃহবধূ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি ধৃতিমানের বিশেষ আগ্রহ ছিল। নিয়মিত অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে বলে মনে করছেন পরিবারের সদস্যরা।মেদিনীপুর শহরের আবাস এলাকায় ধৃতিমানদের বাড়ি। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন রয়েছে তাঁর।