মেদিনীপুরে পুলিশের জালে প্রাক্তন শহর তৃণমূল সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, গ্রেফতার ছেলে-সহ ৩!

সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুরে বড় পদক্ষেপ পুলিশের। গ্রেফতার হলেন মেদিনীপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিশ্বনাথ পাণ্ডব। রবিবার সকালে তাঁকে গ্রেফতার করে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর ছেলে প্রসেনজিৎ পাণ্ডব এবং আরও এক ব্যক্তিকে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের একটি পুরনো মারামারির মামলায় এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবারই ধৃতদের মেদিনীপুর আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে তাঁদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদনও আদালতের কাছে জানানো হতে পারে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, এর আগে লক্ষ্মী সিট এবং কল্পনা সিট-সহ একাধিক ঘটনায় পুলিশি পদক্ষেপের পর এবার জেলার রাজনীতিতে পরিচিত মুখ বিশ্বনাথ পাণ্ডবের গ্রেফতারি ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। অতীতেও তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছিল। যদিও সেই অভিযোগগুলির অনেক ক্ষেত্রেই কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি।বর্তমানে পুরনো মামলাগুলির নথিপত্র পুনরায় খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই গ্রেফতারিকে ঘিরে জেলা রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা ও আলোচনা শুরু হয়েছে।