ড. এ.পি.জে. আবদুল কালাম অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা
সেখ ওয়ারেশ আলী : সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের হবিবপুর মিঠু মসজিদ প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল ডক্টর এ.পি.জে. আবদুল কালাম অ্যাথলেটিক ক্লাব। শিবিরটির চিকিৎসা পরিষেবা প্রদান করে মেদিনীপুর রোটারি আই হাসপাতাল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক সেখ মইদুল, সহ-সভাপতি অরিন্দম মুখার্জি, তারক বোস, সেখ আরফান, সেখ বাবলু, সেখ সারজু, পিকুসহ ক্লাবের অন্যান্য সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। রবিবার সকাল থেকেই এলাকার বিপুল সংখ্যক মানুষ এই শিবিরে অংশ নিয়ে তাঁদের চোখের পরীক্ষা করান। প্রায় ১০০ জন পুরুষ ও মহিলা বিনামূল্যে এই পরিষেবার সুবিধা গ্রহণ করেন।
চিকিৎসকদের পরীক্ষায় তাঁদের মধ্যে প্রায় আটজনের চোখে ছানি ধরা পড়ে। সংশ্লিষ্ট রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের জন্য মেদিনীপুর রোটারি আই হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এছাড়াও, যাঁদের প্রয়োজন ছিল তাঁদের স্বল্প মূল্যে উন্নত মানের চশমা সরবরাহ করা হয়। ক্লাবের এই মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগকে এলাকার সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।