বরফঠান্ডা জলেও থামছে না লড়াই, ক্যাটালিনা জয়ের প্রস্তুতিতে মেদিনীপুরের আফরিন!
নিজস্ব সংবাদদাতা : ইংলিশ চ্যানেল ও পক প্রণালী জয় ইতিমধ্যেই তাঁর ঝুলিতে। এবার লক্ষ্য আমেরিকার কঠিনতম ওপেন-ওয়াটার চ্যালেঞ্জগুলির অন্যতম ক্যাটালিনা চ্যানেল জয়। আর সেই স্বপ্নপূরণের প্রস্তুতিতে মেদিনীপুরেই ঠান্ডা জলে ডুবে কঠোর অনুশীলন করছেন সাঁতারু আফরিন জাবি।ক্যাটালিনা চ্যানেলের জল অত্যন্ত ঠান্ডা। গরম জল থেকে আচমকা ঠান্ডা জলে নামার ধাক্কা সামলে দীর্ঘসময় সাঁতার কাটাই হবে অন্যতম বড় পরীক্ষা। সেই পরিস্থিতির সঙ্গে শরীরকে মানিয়ে নিতেই অভিনব পদ্ধতিতে প্রস্তুতি নিচ্ছেন মেদিনীপুর শহরের মেয়ে আফরিন। ২০০ লিটারের জলের ট্যাঙ্কে বরফের টুকরো দিয়ে প্রায় দু’ঘণ্টা পর্যন্ত ঠান্ডা জলে বসে থাকছেন তিনি।শুধু ঠান্ডা জলের অনুশীলনই নয়, দীর্ঘসময় জলে থাকার অভ্যাস তৈরি করতেও চলছে কঠোর প্রস্তুতি।
মেদিনীপুর সুইমিং ক্লাবে টানা প্রায় ১৪ ঘণ্টা সাঁতার কাটলেন আফরিন। রবিবার দুপুরে জলে নামার পর সোমবার ভোর প্রায় ৪টে নাগাদ তিনি জল থেকে ওঠেন।এর আগেও একাধিক কঠিন চ্যালেঞ্জ সফলভাবে অতিক্রম করেছেন আফরিন। গত বছরের জুলাইয়ে প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ ইংলিশ চ্যানেল সাঁতরে পার করেন তিনি। সময় লাগে ১৩ ঘণ্টা ১৩ মিনিট। এরপর চলতি বছরের মে মাসে ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ পক প্রণালী জয় করেন। সেই যাত্রায় তাঁর সময় লেগেছিল ৭ ঘণ্টা ৫ মিনিট। অনুশীলন পর্বের মধ্যেই বিকেলে মেদিনীপুর ক্লাবে জেলা ম্যাজিস্ট্রেট বিজিন কৃষ্ণ, আইএএস-এর সঙ্গে সাক্ষাৎ করেন । পরে রাত প্রায় ১টা নাগাদ পুলিশ সুপার পাপিয়া সুলতানা, আইপিএস-এর সঙ্গেও দেখা করেন।
এবার সামনে আরও বড় পরীক্ষা। আফরিনের দাবি, ক্যাটালিনা চ্যানেল প্রায় সাড়ে ৩২ কিলোমিটার দীর্ঘ। সাঁতরে এই পথ পাড়ি দিতে প্রায় ১২ ঘণ্টা সময় লাগতে পারে। আগামী ২২ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার উপকূল থেকে ক্যাটালিনা চ্যানেল জয়ের উদ্দেশ্যে জলে নামার পরিকল্পনা রয়েছে তাঁর।
তবে শুধু ঠান্ডা জলই নয়, এই চ্যালেঞ্জে সামুদ্রিক প্রাণীর মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক প্রস্তুতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব দিক মাথায় রেখেই জীবনের অন্যতম কঠিন চ্যালেঞ্জ হিসেবে ক্যাটালিনা জয়কে দেখছেন আফরিন।ইংলিশ চ্যানেল, পক প্রণালীর পর এবার ক্যাটালিনা—একটার পর একটা কঠিন জলসীমাকে জয় করার লক্ষ্যে এগিয়ে চলেছেন মেদিনীপুরের এই তরুণী সাঁতারু। ক্যাটালিনা জয় করতে পারলে এরপরই নিজের পরবর্তী লক্ষ্য ঠিক করবেন বলে জানিয়েছেন আফরিন।