মেদিনীপুর কলেজিয়েটে বন্দে মাতরম ও জাতীয় সঙ্গীতে মুখর প্রার্থনা সভা!

নিজস্ব সংবাদদাতা : ১ জুন ২০২৬, সোমবার মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রার্থনা সভায় দেশাত্মবোধ ও জাতীয় চেতনার এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়। প্রার্থনা লাইনে বিদ্যালয়ের ছাত্ররা শম্ভুরাম স্যারের নেতৃত্বে সমবেত কণ্ঠে পরিবেশন করে ‘বন্দে মাতরম’ এবং জাতীয় সঙ্গীত। পঞ্চম শ্রেণির ছাত্র ঈশান চক্রবর্তী-সহ অন্যান্য ছাত্রদের সুরেলা পরিবেশনা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। উল্লেখ্য, ‘বন্দে মাতরম’ গানটির রচয়িতা ছিলেন ঋষিসম সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে এই গানটি দেশপ্রেম ও জাতীয়তাবাদের অন্যতম প্রেরণার উৎস হয়ে উঠেছিল।ঐতিহ্যবাহী মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ইতিহাসও সমানভাবে গৌরবোজ্জ্বল।

স্বাধীনতার বহু আগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেছেন শহিদ ক্ষুদিরাম বসু, সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন নবজাগরণের অন্যতম পথিকৃৎ ঋষি রাজনারায়ণ বসু।পশ্চিম মেদিনীপুরের বহু শিক্ষাপ্রতিষ্ঠানই সমৃদ্ধ ঐতিহ্য ও ইতিহাসের ধারক। বিদ্যাসাগরের জন্মভূমি এই জেলায় শিক্ষা, সংস্কৃতি ও স্বাধীনতা আন্দোলনের স্মৃতি আজও বিদ্যালয়গুলির ইতিহাসে উজ্জ্বল হয়ে রয়েছে। মেদিনীপুর কলেজিয়েট স্কুল সেই ঐতিহ্যেরই এক গর্বিত উত্তরাধিকার।