নবজাতকের মৃত্যুকে ঘিরে বিভ্রান্তি, মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে তীব্র উত্তেজনা!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, শিশুটির মৃত্যু নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পরস্পরবিরোধী তথ্য দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা।জানা গিয়েছে, মেদিনীপুর সদর ব্লকের পাথরঘাটা এলাকার বাসিন্দা আসমা বিবি গর্ভবতী অবস্থায় মেদিনীপুর শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন।
সেখানে সন্তানের জন্মের পর নবজাতকের শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে স্থানান্তর করা হয়। গত শুক্রবার থেকে সেখানেই চিকিৎসাধীন ছিল শিশুটি।পরিবারের অভিযোগ, এদিন দুপুরে হাসপাতালের তরফে প্রথমে জানানো হয় যে নবজাতকের মৃত্যু হয়েছে। কিন্তু এরপরেও শিশুটির মা তাকে মাতৃদুগ্ধ পান করিয়েছেন বলে দাবি করেন পরিবারের সদস্যরা। পরে বিকেলের দিকে আবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুটি মারা গেছে। এই পরস্পরবিরোধী তথ্য ঘিরেই তৈরি হয় বিভ্রান্তি।পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে চাইলে তাদের তা দেখতে দেওয়া হয়নি বলেও অভিযোগ ওঠে। এর প্রতিবাদে মাতৃমা বিভাগের সামনে বিক্ষোভে সামিল হন পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন।দুপুর থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। সন্ধ্যার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং মাতৃমা বিভাগের সামনে দফায় দফায় বিক্ষোভ শুরু হয়।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করলে কিছু সময়ের জন্য উত্তেজনা আরও বাড়ে। যদিও এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।বর্তমানে মাতৃমা বিভাগের সামনে উত্তেজনা অব্যাহত থাকায় এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।