চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর অভিযোগ,চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের ইন্দিরা পল্লী এলাকার এক মাধ্যমিক পরীক্ষার্থী অসাবধানতাবশত ইঁদুর মারা বিষ খেয়ে ফেলে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হলেও, নির্দিষ্ট সময়ে পৌঁছানোর পরও না কি যথাযথ চিকিৎসা শুরু করা হয়নি। মৃতার পরিবারের দাবি, জরুরি অবস্থায় রোগীকে নিয়ে আসা সত্ত্বেও চিকিৎসকেরা সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেননি। সেই কারণেই প্রাণ হারাতে হয়েছে ওই পড়ুয়াকে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন মৃতার পরিজনেরা।হাসপাতালের নতুন বিল্ডিংয়ের সামনে বসে পড়ে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে, সাময়িকভাবে ব্যাহত হয় হাসপাতালের স্বাভাবিক কাজকর্মও। বিক্ষোভকারীদের দাবি, গোটা ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাঁদের অভিযোগ, বারবার অনুরোধ জানানো সত্ত্বেও চিকিৎসার ক্ষেত্রে গড়িমসি করা হয়েছে, যা শেষ পর্যন্ত প্রাণঘাতী হয়ে দাঁড়ায়।এ বিষয়ে হাসপাতালের সুপার ডাঃ ইন্দ্রনীল সেন জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এখন তদন্তের দিকেই তাকিয়ে মৃতার পরিবার ও সাধারণ মানুষ।