মেদিনীপুরে গড়ে উঠবে আধুনিক মিনি ইনডোর স্টেডিয়াম, স্থান পরিদর্শনে বিধায়ক শংকর গুচ্ছাইত!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার ক্রীড়া পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে মেদিনীপুর শহরে একটি আধুনিক মিনি ইনডোর স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই প্রকল্পের সম্ভাব্য স্থান হিসেবে শুক্রবার রাঙ্গামাটি এলাকার সূর্যাস্তের হাট সংলগ্ন জমি পরিদর্শন করেন মেদিনীপুরের বিধায়ক শংকর গুচ্ছাইত।
পরিদর্শনে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা। তাঁরা প্রস্তাবিত প্রকল্পের জন্য জমির উপযুক্ততা, পরিকাঠামোগত সম্ভাবনা, যোগাযোগ ব্যবস্থা এবং নির্মাণ সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখেন।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মিনি ইনডোর স্টেডিয়ামটি নির্মিত হলে জেলার ক্রীড়া পরিকাঠামোয় নতুন সংযোজন হবে। এর ফলে স্থানীয় খেলোয়াড়রা আধুনিক সুযোগ-সুবিধার মধ্যে প্রশিক্ষণ ও বিভিন্ন রাজ্য এবং জাতীয় স্তরের প্রতিযোগিতার প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি জেলার ক্রীড়া প্রতিভা বিকাশেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।স্থান পরিদর্শনের পর বিধায়ক শংকর গুচ্ছাইত বলেন, "মেদিনীপুরের ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই প্রকল্প বাস্তবায়িত হলে জেলার খেলোয়াড়দের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই উদ্যোগের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী ও জননেতা শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাই। তাঁদের সহযোগিতায় এই গুরুত্বপূর্ণ ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার প্রক্রিয়া এগিয়ে চলেছে।"