মেদিনীপুর পুরসভায় পুলিশের অভিযান, জন্ম-মৃত্যু নিবন্ধনের রেজিস্টার বাজেয়াপ্ত!
সেখ ওয়ারেশ আলী : জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত নথিপত্রের তদন্তে বৃহস্পতিবার, ২৩ জুলাই দুপুরে মেদিনীপুর পুরসভায় অভিযান চালাল কোতোয়ালি থানার পুলিশ। তদন্তকারী আধিকারিকরা পুরসভার জন্ম-মৃত্যু নিবন্ধন বিভাগে গিয়ে বিভিন্ন নথি, রেজিস্টার এবং গুরুত্বপূর্ণ সরকারি রেকর্ড খতিয়ে দেখেন। তদন্তের স্বার্থে জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্টারও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।
জন্ম ও মৃত্যু শংসাপত্র সরকারি নিয়ম মেনে ইস্যু করা হয়েছে কি না, আবেদন গ্রহণ থেকে শংসাপত্র প্রদান পর্যন্ত প্রতিটি ধাপ আইনানুগভাবে সম্পন্ন হয়েছে কি না—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি শংসাপত্র ইস্যুর ক্ষেত্রে অনিয়ম, জালিয়াতি, তথ্য গোপন, প্রশাসনিক গাফিলতি বা নথিতে কোনও অসঙ্গতি রয়েছে কি না, তাও তদন্ত করা হচ্ছে।তদন্তে সাম্প্রতিক ডিজিটাল রেকর্ডের পাশাপাশি ২০১৯ সালের আগের সংরক্ষিত ম্যানুয়াল জন্ম ও মৃত্যু নিবন্ধনের নথিও পরীক্ষা করা হচ্ছে। ডিজিটাল শংসাপত্রের তথ্যের সঙ্গে মূল রেজিস্টারের তথ্য মিলিয়ে দেখা হচ্ছে, যাতে কোনও ভুয়ো শংসাপত্র, তথ্যের অমিল বা জাল নথি থাকলে তা শনাক্ত করা যায়।
শুধু মেদিনীপুর পুরসভা নয়, জেলার বিভিন্ন পুরসভা এবং গ্রাম পঞ্চায়েতেও জন্ম ও মৃত্যু নিবন্ধনের নথিপত্র যাচাইয়ের কাজ চলছে বলে জানা গিয়েছে। তদন্তকারীরা প্রতিটি রেকর্ড খুঁটিয়ে পরীক্ষা করে কোথাও নিয়মভঙ্গ, জালিয়াতি, তথ্য গোপন বা অন্য কোনও অনিয়ম হয়েছে কি না, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখছেন।