মধ্যরাতে মোহনপুর ব্রিজে পুলিশ সুপারের সারপ্রাইজ ভিজিট, ভারী যান চলাচলে কড়া নজর!
সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর–খড়্গপুর সংযোগকারী গুরুত্বপূর্ণ মোহনপুর ব্রিজে গভীর রাতে সারপ্রাইজ ভিজিট করলেন জেলা পুলিশ সুপার Papiya Sultana। কংসাবতী নদীর উপর নির্মিত এই সেতুটি সংস্কারের পর থেকেই ৩৫ টনের বেশি ভারী যানবাহনের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেই নিয়ম কার্যকর করতে ধর্মা এলাকায় তৈরি করা হয়েছে বিশেষ নাকা পয়েন্ট।মঙ্গলবার রাত প্রায় বারোটা নাগাদ আচমকাই ওই নাকা পয়েন্টে পৌঁছে যান পুলিশ সুপার।
তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার Soutam Banerjee-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলে কড়া বার্তা দেন জেলা পুলিশ সুপার। তিনি স্পষ্টভাবে নির্দেশ দেন, নাকা পয়েন্ট নিয়ে যেন কোনও ধরনের অভিযোগ তাঁর কাছে না পৌঁছায়।
পাশাপাশি নাকা দিয়ে যাতায়াত করা বিভিন্ন ভারী গাড়ির চালান এবং ওজন সংক্রান্ত কাঁটা স্লিপও খতিয়ে দেখেন তিনি।নিয়ম মেনে ভারী যান চলাচল হচ্ছে কিনা, তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা।