সাংবাদিকদের সামাজিক উদ্যোগে রক্তদান ও বৃক্ষরোপণ! পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের কর্মসূচিতে ২৫ জনের রক্তদান, রোপণ ১০টি চারা!

নিজস্ব সংবাদদাতা : সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে পশ্চিম মেদিনীপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি। রবিবার শহরের বার্জ টাউনে প্রেসক্লাবের দপ্তর ‘স্বরবর্ণ ভবন’-এ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার পাপিয়া সুলতানা, বিধায়ক শংকর গুছাইত, পুরপ্রধান সৌমেন খান, পশ্চিম মেদিনীপুরে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী,এসডিও মো. মারঘুব ইলমি-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

এদিন প্রেসক্লাব সংলগ্ন বার্জ টাউন মাঠে বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও প্রেসক্লাবের সদস্যরা মিলিতভাবে মাঠে মোট ১০টি চারা গাছ রোপণ করেন। রক্তদান শিবিরে বেশ কয়েকজন মহিলা-সহ মোট ২৫ জন রক্তদাতা রক্তদান করেন। পশ্চিম মেদিনীপুর প্রেসক্লাবের সম্পাদক সমীর মণ্ডল জানান, প্রতি বছরই ধারাবাহিকভাবে এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এই উদ্যোগে প্রতিবছরই বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।