কমলা ভট্টাচার্য সহ ১১ ভাষা শহীদকে শ্রদ্ধা জানাল মেদিনীপুর কুইজ কেন্দ্র!
নিজস্ব সংবাদদাতা : অসমের বরাক উপত্যকার ১৯ মে ভাষা শহীদদের স্মরণ এবং সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদ্যাপন করল মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। প্রতি বছরের মতো এবছরও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।১৯৬১ সালের ১৯ মে অসমের বরাক উপত্যকার শিলচরে বাংলা ভাষার মর্যাদা রক্ষার আন্দোলনে শহিদ হয়েছিলেন বিশ্বের প্রথম মহিলা ভাষা শহীদ কমলা ভট্টাচার্য সহ মোট ১১ জন ভাষা সেনানী। তাঁদের স্মরণে মঙ্গলবার বিকেলে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল প্রাঙ্গণে নজরুল মূর্তির পাদদেশে শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
একইসঙ্গে সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়-এর জন্মদিন উপলক্ষে তাঁর প্রতিকৃতিতেও শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানজুড়ে ছিল আলোচনা সভা, গান, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা।পরে সেখান থেকে একটি পদযাত্রা শুরু হয়ে পঞ্চুর চক এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুর-এর মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়।
সেখানে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কবিগুরুকেও শ্রদ্ধা জানানো হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুইজ কেন্দ্রের সভাপতি ড. রিংকু চক্রবর্তী, সাহিত্যিক বিদ্যুৎ পাল, কবি নির্মাল্য মুখোপাধ্যায়, সঙ্গীতশিল্পী রথীন দাস, নাট্যকর্মী রবীন ধর, সমাজকর্মী অমিত কুমার সাহু, অধ্যাপক ড. শান্তনু পান্ডা, আবৃত্তি শিল্পী অনিন্দিতা শাসমল, পারমিতা সাউ, ডলি নায়েক, নৃত্যশিল্পী শেষাদ্রী মিশ্র, ক্রীড়াবিদ পিন্টু সাউ সহ বিশিষ্টজনেরা। পাশাপাশি উপস্থিত ছিলেন কুইজ কেন্দ্র পরিচালিত ‘মস্তি কি পাঠশালা’র পড়ুয়ারা এবং এবারের মাধ্যমিকে তৃতীয় স্থানাধিকারী সৌর জানা।অনুষ্ঠান সঞ্চালনা করেন সুদীপ কুমার খাঁড়া। শেষে কুইজ কেন্দ্রের সভাপতি ড. রিংকু চক্রবর্তী উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।