মেদিনীপুরে শক্তি প্রদর্শন তৃণমূলের, বিশাল শোভাযাত্রায় তিন কেন্দ্রের প্রার্থীদের মনোনয়ন জমা!
সেখ ওয়ারেশ আলী : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার মেদিনীপুর শহর কার্যত তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনের সাক্ষী থাকল। শহরজুড়ে বিশাল শোভাযাত্রার মাধ্যমে জেলার তিন গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিলেন।এদিন মেদিনীপুর শহরের কলেজ ময়দান থেকে শতাধিক দলীয় কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা হয়। ঢাক-ঢোল, দলীয় পতাকা এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। শোভাযাত্রার প্রথম সারিতেই দেখা যায় মেদিনীপুর, শালবনী ও গড়বেতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী— যথাক্রমে সুজয় হাজরা, শ্রীকান্ত মাহাতো ও উত্তরা সিংহ হাজরাকে।
শোভাযাত্রা এগোতে থাকলে পথে বিভিন্ন মনীষীর মূর্তিতে মাল্যদান করেন প্রার্থীরা। সেই মুহূর্তে কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিল শেষ হয় জেলাশাসক দপ্তরের বাইরে।
সেখান থেকে তিন প্রার্থী মনোনয়ন জমা দিতে ভিতরে প্রবেশ করেন।মনোনয়ন জমা দেওয়ার পর মেদিনীপুর কেন্দ্রের প্রার্থী সুজয় হাজরা জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কটাক্ষও করেন। বিগত দেড় বছরে এলাকার উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে তিনি সাধারণ মানুষের কাছে আশীর্বাদ ও সমর্থন কামনা করেন।
রাজনৈতিক মহলের মতে, এই শোভাযাত্রা শুধু মনোনয়ন জমার আনুষ্ঠানিকতা নয়, বরং ভোটের আগে সংগঠনের শক্তি ও জনসমর্থনের বার্তা দেওয়ার একটি বড় পদক্ষেপ। মেদিনীপুরের রাজনৈতিক লড়াই যে এবারও অত্যন্ত জমজমাট হতে চলেছে, এদিনের ছবি যেন সেই ইঙ্গিতই দিল।