মেদিনীপুরে “স্কিল ফেয়ার ২০২৬”, দক্ষতা ও কর্মসংস্থানের নতুন দিশা যুব সমাজের সামনে!
সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুরে যুব সমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করল জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট-এর “স্কিল ফেয়ার ২০২৬”। শিক্ষা, প্রযুক্তি ও কর্মমুখী প্রশিক্ষণের সমন্বয়ে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও যুবকদের উৎসাহ-উদ্দীপনায় মুখর হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক ডাঃ শঙ্কর গুছাইত। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করার পর তিনি বিভিন্ন প্রশিক্ষণ বিভাগের স্টল ঘুরে দেখেন এবং পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, দক্ষতা অর্জনের অভিজ্ঞতা এবং কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কেও খোঁজখবর নেন তিনি।
ডাঃ গুছাইত বলেন, বর্তমান সময়ে শুধুমাত্র পুঁথিগত শিক্ষাই যথেষ্ট নয়, তার সঙ্গে প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী দক্ষতা অর্জনও অত্যন্ত জরুরি। যুব সমাজকে আত্মনির্ভর করে তুলতে এই ধরনের উদ্যোগ আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি মত প্রকাশ করেন।স্কিল ফেয়ারে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ। আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি, লাইভ ডেমোনস্ট্রেশন এবং বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয় তাদের। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, শিক্ষার পাশাপাশি বাস্তবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে ছাত্রছাত্রীদের চাকরির উপযোগী করে তোলাই তাদের মূল লক্ষ্য।শিক্ষা, দক্ষতা ও ভবিষ্যতের কর্মসংস্থানের বার্তা নিয়ে মেদিনীপুরের “স্কিল ফেয়ার ২০২৬” হয়ে উঠল এক গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক আয়োজন।