এক ব্যাগ রক্ত, এক নতুন জীবন—দ্য ট্রি কিডস স্কুলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির!
সেখ ওয়ারেশ আলী : সমাজসেবার বার্তা ছড়িয়ে দিতে এবং স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরতে মেদিনীপুরের দ্য ট্রি কিডস স্কুল-এ আয়োজিত হল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। এই মানবিক উদ্যোগে রক্তদাতাদের পাশাপাশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক ড. শংকর গুচ্ছাইত, নারায়ণগড়ের বিধায়ক রামাপ্রসাদ গিরি, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, বিদ্যালয়ের প্রধান রুম্পা খান বারিক সহ অভিভাবক,শিক্ষক- শিক্ষিকা এবং শুভানুধ্যায়ীরা। তাঁরা রক্তদাতাদের উৎসাহিত করেন এবং স্বেচ্ছায় রক্তদানের মতো মানবিক উদ্যোগের প্রশংসা করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, "এক ব্যাগ রক্ত একটি মানুষের জীবন বাঁচাতে পারে।" সেই ভাবনা থেকেই এই শিবিরের আয়োজন করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার চেতনা গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। এই রক্তদান শিবিরের সহযোগিতায় ছিল আলো দি হোপ এবং কিডস হ্যাভেন স্পেশাল স্কুল।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সকল স্বেচ্ছায় রক্তদাতাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। তাঁদের মতে, রক্তদান শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি মানবতার সেবায় এক অনন্য অবদান।"রক্ত দিন, জীবন বাঁচান"—এই বার্তাকেই সামনে রেখে আয়োজিত শিবিরে বহু স্বেচ্ছাসেবী রক্তদান করেন এবং মানবিক উদ্যোগে শামিল হন।
এদিন পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত গ্রহণ করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড সেন্টার। মানবসেবার অঙ্গীকারকে সামনে রেখে আয়োজিত এই রক্তদান শিবির সমাজের প্রতি এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।