মেদিনীপুরে চা-চক্রে দিলীপ ঘোষ, তোলাবাজি থেকে স্কুল বন্ধ—একাধিক ইস্যুতে সরব মন্ত্রী!

সেখ ওয়ারেশ আলী : মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর সকালে মেদিনীপুর শহরের উদয় পল্লি এলাকায় চা-চক্রে যোগ দেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। চা-চক্র শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তোলাবাজির অভিযোগে ইডির অভিযান, গরু পাচার, সরকারি স্কুল বন্ধের সিদ্ধান্ত, ওবিসি সংরক্ষণ, ‘ইন্ডি’ জোটের ভবিষ্যৎ-সহ একাধিক বিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি।তোলাবাজি প্রসঙ্গে কড়া অবস্থান জানিয়ে দিলীপ ঘোষ বলেন, কোনওভাবেই তোলাবাজি বরদাস্ত করা হবে না।

এই ধরনের কাজে যারা যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।গরু পাচার প্রসঙ্গে তাঁর দাবি, গরু পাচারের পথ বন্ধ হয়ে যাওয়ায় চোরাকারবারিরা সমস্যায় পড়েছে। একইসঙ্গে তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় পাচার রুখতে আরও কড়া পদক্ষেপ প্রয়োজন।সরকারি স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েও মুখ খোলেন মন্ত্রী। তাঁর বক্তব্য, পরিকাঠামোর অভাব এবং শিক্ষক সংকটের কারণে সরকারি স্কুলগুলির প্রতি অভিভাবকদের আস্থা কমেছে।

স্কুলগুলিকে পুনরায় সচল ও কার্যকর করতে শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।এদিন ‘ইন্ডি’ জোটের ভবিষ্যৎ, জোটের অভ্যন্তরীণ টানাপোড়েন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। জ্ঞানেশ কুমারকে ঘিরে বিরোধীদের বৈঠক নিয়েও তিনি কটাক্ষ করেন।পাশাপাশি বোলপুরে বিজেপি নেতা খুনের ঘটনা এবং এসআরএফটিআই (SRFTI)-এর ঘটনায় এখনও গ্রেফতার না হওয়ার প্রসঙ্গেও প্রতিক্রিয়া জানান তিনি। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক ভূমিকা নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন মন্ত্রী।এদিনের চা-চক্রে রাজনৈতিক ও প্রশাসনিক একাধিক ইস্যুতে দিলীপ ঘোষের মন্তব্যকে ঘিরে মেদিনীপুরের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। রাজ্যের সংস্কৃতিতে পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে বলেও এদিন মন্তব্য করেন তিনি।