মেদিনীপুর শহরের ব্যস্ত এলাকায় গান্ধী মূর্তির কাছে রাস্তার ধারে বেআইনিভাবে দোকানঘর নির্মাণকে ঘিরে তীব্র চাঞ্চল্য!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ১৪ই মার্চ শনিবার মেদিনীপুর শহরের ব্যস্ত এলাকায় গান্ধী মূর্তির কাছে রাস্তার ধারে বেআইনিভাবে দোকানঘর নির্মাণকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাস্তার পাশের সরকারি জমি দখল করে স্থায়ী দোকান তৈরি করা হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসতেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। চেয়ারম্যান স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আজ রাতের মধ্যেই ওই বেআইনি নির্মাণ সরিয়ে ফেলতে হবে। অন্যথায় পৌরসভার পক্ষ থেকে অভিযান চালিয়ে পুরো দোকানঘর ভেঙে ফেলা হবে।

১৪ই মার্চ শনিবার দুপুরে জেসিবি মেশিন নিয়ে নিজেই ঘটনাস্থলে পৌঁছে যান সৌমেন খান। তাঁর সঙ্গে ছিলেন পৌরসভার কর্মীরাও। ভাঙার প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তবে সেই সময় দোকানের মালিক উপস্থিত না থাকায় তাঁকে শেষ সুযোগ দেওয়া হয়। সন্ধ্যা পর্যন্ত সময় দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে—নির্দিষ্ট সময়সীমার মধ্যে দোকান সরানো না হলে রাতেই ভাঙার অভিযান চালানো হবে। এই ঘটনাকে কেন্দ্র করে শহরবাসীর একাংশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় ফুটপাত ও রাস্তার ধারে দখল করে একের পর এক পাকাপোক্ত দোকানঘর গড়ে উঠছে। এর ফলে সাধারণ মানুষের চলাচলে মারাত্মক অসুবিধা তৈরি হচ্ছে এবং শহরে যানজটের সমস্যাও বাড়ছে। প্রশ্ন উঠছে, এতদিন ধরে এই ধরনের বেআইনি দখলদারি চললেও কেন আগে থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি। ফুটপাত দখল করে স্থায়ী নির্মাণের পিছনে কারা রয়েছে এবং কার মদতেই এই কাজ হচ্ছে—তা নিয়েও শহরজুড়ে শুরু হয়েছে জোর আলোচনা। প্রশাসনের এই পদক্ষেপের পর এখন দেখার, শহরের অন্যান্য দখলদারির বিরুদ্ধেও একইভাবে অভিযান চালানো হয় কি না।