জল জমে বেহাল এলাকা, কোদাল হাতে নিজেই নালায় নামলেন বিজেপি প্রার্থী শংকর গুছাইত!

সেখ ওয়ারেশ আলী : ৬ এপ্রিল, সোমবার প্রাকৃতিক দুর্যোগের প্রতিকূল টানা বৃষ্টিতে জলমগ্ন এলাকা, নিকাশি ব্যবস্থার বেহাল দশা— আর সেই ক্ষোভকে সামনে রেখেই এবার কোদাল হাতে নালা সাফাইয়ে নামলেন বিজেপি প্রার্থী শংকর গুছাইত। ঘটনাকে কেন্দ্র করে মেদিনীপুর শহরের কালগাং এলাকায় ভোটের আবহে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নিকাশি নালা পরিষ্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই এলাকা জলে ডুবে যাচ্ছে।নালায় নেমে সাফাই অভিযানের সময় শংকর গুছাইতের তোপ, “প্রকল্পের ৭৫ শতাংশ টাকা কালীঘাটে পাঠিয়ে দেওয়া হয়, বাকি ২৫ শতাংশ তৃণমূলের নেতাকর্মীরা ভাগ করে খেয়ে নেন। তাই আজ এলাকার এই বেহাল অবস্থা।”

তাঁর এই বিস্ফোরক অভিযোগ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।প্রসঙ্গত, মেদিনীপুর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কালগাং এলাকার নিকাশি নালা বহুদিন ধরেই বাসিন্দাদের মাথাব্যথার কারণ। শহরের একাধিক ওয়ার্ডের নোংরা জল এমকেডিএ-র তৈরি একটি ছোট নালা দিয়ে বেরোলেও, পঞ্চায়েত এলাকার পুরনো নালাগুলি দীর্ঘদিন আবর্জনায় ভরতি হয়ে রয়েছে। ফলে সেখানে এখন মশা, মাছি, পোকামাকড়ের উপদ্রব চরমে।স্থানীয়দের দাবি, এই সমস্যা নিয়ে বহুবার এলাকার বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদ এমনকি সাংসদের কাছেও লিখিত অভিযোগ জানানো হয়েছে। কিন্তু কোনও স্থায়ী সমাধান হয়নি। ফলে গতকালের টানা বৃষ্টির পর ফের জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা।এই পরিস্থিতিতে বিজেপি প্রার্থীর কোদাল হাতে নালায় নামা একদিকে যেমন প্রতীকী প্রতিবাদ, অন্যদিকে ভোটের আগে তা বড় রাজনৈতিক বার্তাও বলে মনে করছে ওয়াকিবহাল মহল।