গ্রীষ্মের রক্ত সংকটে মানবিক দৃষ্টান্ত—মেদিনীপুরে ১০১ জনের রক্তদান শিবির!

নিজস্ব সংবাদদাতা : গোটা রাজ্য জুড়ে গ্রীষ্মকালীন রক্ত সংকট যখন চরমে, ঠিক সেই সময় মানবিক উদ্যোগে সামনে এল মেদিনীপুর শহরের মহাতাবপুর যুবক বৃন্দ ক্লাব। নির্বাচনী ব্যস্ততায় রক্তদান শিবির কম হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে রবিবার ক্লাব প্রাঙ্গণে প্রয়াত সুবল চন্দ্র পাখিরার স্মৃতিতে আয়োজিত হল এক বৃহৎ স্বেচ্ছা রক্তদান শিবির।

রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন পৌর প্রধান সৌমেন খান, সমাজকর্মী বরুন বিকাশ দে, আইনজীবী দেবকুমার পান্ডা, প্রাক্তন শিক্ষা প্রশাসক পূর্ণেন্দু উত্থাসিনী, সমাজকর্মী সুচাঁদ পাখিরা, রবীন্দ্রনাথ পাখিরা, চিকিৎসক ডাঃ স্বরূপ সৎপথী, সাংবাদিক সৌমিত্র চক্রবর্তীসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।ক্লাবের পক্ষ থেকেও উপস্থিত ছিলেন সুব্রত পাহাড়ি, সৌরভ পান্ডা, সৈকত মণ্ডল, শিশির ভট্টাচার্য, অবন্ধ পাখিরা প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুব্রত পাহাড়ি।

এই শিবিরে নারী-পুরুষ মিলিয়ে মোট ১০১ জন রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল মেদিনীপুর ব্লাড সেন্টার। অনুষ্ঠানের সূচনা হয় প্রয়াত সুবল চন্দ্র পাখিরার প্রতিকৃতিতে মাল্যদান করে, যার মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।আয়োজকদের মতে, বর্তমান রক্ত সংকট মোকাবিলায় এই ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি। সমাজের সকল স্তরের মানুষ এগিয়ে এলে তবেই এই সংকট কাটানো সম্ভব বলে মত তাঁদের।