মেদিনীপুর শহরের স্পাইস এন আইস প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বৃহৎ বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী :  মেদিনীপুর শহরের স্পাইস এন আইস প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বৃহৎ বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই শিবিরের আয়োজন করা হয় The Mission Hospital-এর সহযোগিতায় এবং কনফেডারেশন অফ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, রাজাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, মেদিনীপুর মহেশ্বরী মহিলা সমিতি ও স্কুল বাজার ওয়েলফেয়ার কমিটির যৌথ উদ্যোগে।

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি এই স্বাস্থ্য শিবিরে সাধারণ মানুষের জন্য হৃদরোগ, জেনারেল মেডিসিন, অস্থিরোগ ও স্ত্রীরোগ সংক্রান্ত বিভিন্ন সমস্যার পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি ইসিজি (ECG), ব্লাড সুগার সহ একাধিক প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষাও সম্পূর্ণ বিনামূল্যে করা হয়।এরই সঙ্গে দুর্গাপুরের দ্য মিশন হসপিটালের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ উপস্থিত থেকে সরাসরি রোগীদের পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।

তাঁদের উপস্থিতি শিবিরের গুরুত্ব ও গ্রহণ যোগ্যতা আরও বাড়িয়ে তোলে।উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এই শিবিরে উপস্থিত হয়ে স্বাস্থ্য পরীক্ষা করান এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তারা প্রতিবছরই এই ধরনের জনসেবামূলক উদ্যোগ চালিয়ে যাচ্ছেন, তাদের এই পরিকল্পনা, যাতে সাধারণ মানুষ সহজেই প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন।