রাস্তার গর্তে মাছ ছেড়ে ধান রোপণ! মেদিনীপুরে বেহাল রাস্তার প্রতিবাদে কংগ্রেসের অভিনব আন্দোলন!

সেখ ওয়ারেশ আলী : খানাখন্দে ভরা রাস্তা, গর্তে জমে রয়েছে বৃষ্টির জল। কোথাও হাঁটু সমান, কোথাও গোড়ালি সমান জল জমে তৈরি হয়েছে দুর্ভোগের পরিস্থিতি। শহরের এই বেহাল রাস্তার প্রতিবাদ জানাতে এবার অভিনব পন্থায় আন্দোলনে নামল জাতীয় কংগ্রেস। রাস্তার গর্তে জমে থাকা জলে মাছ ছেড়ে এবং ধান রোপণ করে মেদিনীপুর পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। অবিলম্বে শহর-সহ জেলার বেহাল রাস্তাগুলি সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।মেদিনীপুর শহরে জেলা কংগ্রেস কার্যালয়ের সামনের রাস্তাটির অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল বলে অভিযোগ।

গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যাতায়াত করে অ্যাম্বুল্যান্স-সহ অসংখ্য যানবাহন। প্রতিদিন এই পথ ব্যবহার করেন বহু সাধারণ মানুষও। অথচ রাস্তার পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টি হলেই সেই গর্তগুলিতে জমছে জল। ফলে পথচারী থেকে শুরু করে মোটরবাইক ও অন্যান্য যানবাহনের চালকদের প্রতিনিয়ত সমস্যার মুখে পড়তে হচ্ছে। দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।কংগ্রেসের অভিযোগ, রাজ্যে সরকার পরিবর্তন হলেও মেদিনীপুর শহর-সহ জেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের পরিস্থিতির বিশেষ কোনও উন্নতি হয়নি। রাস্তা মেরামতির জন্য অর্থ বরাদ্দের কথা শোনা গেলেও বাস্তবে সংস্কারের কাজের তেমন অগ্রগতি চোখে পড়ছে না। দীর্ঘদিন ধরে রাস্তার এই দুরবস্থা চলতে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলে দাবি আন্দোলনকারীদের।এই পরিস্থিতির প্রতিবাদে এবং মেদিনীপুর শহর-সহ গোটা জেলার বেহাল রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয় কংগ্রেস।

জেলা কংগ্রেস সভাপতি চিরঞ্জীব ভৌমিকের নেতৃত্বে এবং মেদিনীপুর পৌরসভার কংগ্রেস কাউন্সিলর মহম্মদ সাইফুলের উপস্থিতিতে আন্দোলনে শামিল হন দলীয় কর্মী-সমর্থকরা।প্রতিবাদের অভিনবত্ব ছিল আন্দোলনের পদ্ধতিতে। রাস্তার বড় বড় গর্তে জমে থাকা জলেই মাছ ছেড়ে দেন কংগ্রেস কর্মীরা। পাশাপাশি, সেই জলভরা গর্তে ধান রোপণ করে কার্যত রাস্তার দুরবস্থার চিত্র তুলে ধরেন তাঁরা। তাঁদের বক্তব্য, রাস্তার যা অবস্থা, তাতে গাড়ি চলাচলের রাস্তার সঙ্গে জলজমা পুকুর কিংবা ধানজমির কোনও পার্থক্য থাকছে না। এই প্রতীকী প্রতিবাদের মধ্য দিয়ে পৌরসভার দৃষ্টি আকর্ষণ করাই তাঁদের উদ্দেশ্য।কংগ্রেসের পক্ষ থেকে মেদিনীপুর পৌরসভার বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানানো হয়েছে। বিশেষ করে হাসপাতালগামী গুরুত্বপূর্ণ রাস্তাগুলির মেরামতির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার দাবি তুলেছেন আন্দোলনকারীরা।শহরের গুরুত্বপূর্ণ রাস্তার এমন বেহাল দশা সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি জরুরি চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও সমস্যা তৈরি করতে পারে। কংগ্রেসের এই অভিনব প্রতিবাদের পর পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসন রাস্তা সংস্কারে কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই নজর শহরবাসীর।