মেদিনীপুরে বিজেপির শক্তিপ্রদর্শন, চার প্রার্থীর মনোনয়ন ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রায় উপচে পড়ল জনসমর্থন!
সেখ ওয়ারেশ আলী : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার পশ্চিম মেদিনীপুরে বিজেপির শক্তিপ্রদর্শন ঘিরে তৈরি হল জমজমাট রাজনৈতিক আবহ। বর্ণাঢ্য মিছিল, হুডখোলা গাড়ি, পতাকা-ব্যানারে মোড়া শহর এবং কয়েক হাজার কর্মী-সমর্থকের উপস্থিতিতে মেদিনীপুর কলেজ মাঠ থেকে শুরু হয় বিশাল শোভাযাত্রা। সেখান থেকে মিছিল করে মেদিনীপুর জেলা শাসকের দফতরে পৌঁছে মনোনয়নপত্র জমা দেন বিজেপির চার বিধানসভা কেন্দ্রের প্রার্থী।
এদিন যাঁরা মনোনয়ন জমা দেন, তাঁরা হলেন— মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শংকর গুছাইত, কেশপুরের প্রার্থী শুভেন্দু সামন্ত, গড়বেতার প্রার্থী প্রদীপ লোধা এবং শালবনির প্রার্থী বিমান মাহাতো। চার প্রার্থীকে ঘিরে কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।হুডখোলা গাড়িতে চেপে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করেন প্রার্থীরা।
রাস্তাজুড়ে ওঠে দলীয় স্লোগান, উড়তে থাকে অসংখ্য পতাকা, আর ব্যানার-ফেস্টুনে কার্যত গেরুয়া রঙে মুড়ে যায় শহরের বিভিন্ন প্রান্ত। শোভাযাত্রার পথে বহু সাধারণ মানুষকেও দাঁড়িয়ে এই রাজনৈতিক মিছিল দেখতে দেখা যায়।রাজনৈতিক মহলের মতে, শুধুমাত্র মনোনয়ন জমা নয়, আসন্ন নির্বাচনের আগে সাধারণ মানুষের নজর কাড়তে এবং সাংগঠনিক শক্তির বার্তা পৌঁছে দিতেই এই শোভাযাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা নিল। কয়েক হাজার কর্মীর উপস্থিতি বিজেপির সংগঠনের জোরকেই সামনে এনে দিল বলে মত পর্যবেক্ষকদের।চার প্রার্থীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী Locket Chatterjee। তাঁর উপস্থিতি কর্মীদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেয়। সব মিলিয়ে শনিবারের এই মনোনয়ন মিছিল পশ্চিম মেদিনীপুরের নির্বাচনী লড়াইয়ে বিজেপির বড় শক্তিপ্রদর্শন হিসেবেই দেখা হচ্ছে।