‘নেপালে পালালেও রেহাই নেই’— দুর্গাপুর পুরসভার দুর্নীতি তদন্তে কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের!
অভিজিৎ সাহা : দুর্গাপুর পুরসভায় গত কয়েক বছরে ব্যাপক দুর্নীতির অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এই আবহে অভিযোগগুলির তদন্তের আশ্বাস দিয়ে কঠোর বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।১৪ই জুন রবিবার দুর্গাপুরে এক প্রাক-বাজেট বাণিজ্য বিষয়ক আলোচনা সভায় যোগ দিয়ে মন্ত্রী স্পষ্ট জানান, পুরসভার দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তাঁর কথায়, দুর্নীতির অভিযোগে নাম জড়ানো প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনা হবে।অগ্নিমিত্রা পাল বলেন, “যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাঁদের সতর্ক করে দিচ্ছি। তদন্ত শুরু হলে পালিয়ে বাঁচার সুযোগ থাকবে না। দেশের বাইরে বা নেপালে গিয়েও কেউ রেহাই পাবেন না। দুর্নীতির বিরুদ্ধে সরকার আপসহীন।”দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, দুর্গাপুর পুরসভা এবং এডিডিএ-র একাধিক অনিয়ম ও দুর্নীতির তথ্য তিনি প্রশাসনের কাছে জমা দিয়েছেন। তাঁর অভিযোগ, ২৩ নম্বর ওয়ার্ডের ‘হঠাৎ কলোনি’ এলাকায় সরকারি জমি অবৈধভাবে প্লট করে বিক্রি করা হয়েছে। এই ঘটনায় কারা জড়িত এবং কারা মদত দিয়েছেন, সেই সংক্রান্ত তথ্যও প্রশাসনের কাছে তুলে ধরা হয়েছে বলে দাবি তাঁর।বিধায়কের অভিযোগ অনুযায়ী, পুরসভার বিল্ডিং প্ল্যানিং বিভাগ ও কেয়ারটেকার বিভাগ-সহ একাধিক শাখায় অনিয়মের ঘটনা ঘটেছে। অভিযোগ, বিল্ডিং প্ল্যানিং বিভাগের মাধ্যমে নিয়ম বহির্ভূতভাবে একাধিক বহুতল নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি কেয়ারটেকার বিভাগের দুই কর্মীর বিরুদ্ধে সরকারি গাড়ির জ্বালানি সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগও উঠেছে।এদিকে, দুর্গাপুর পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র দিলীপ অগস্তিও আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, শহরের সাতটি টোল থেকে বছরে প্রায় ৯ কোটি টাকা রাজস্ব আদায়ের সম্ভাবনা থাকলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে সেই আয় কার্যত বন্ধ হয়ে গিয়েছে। বিভিন্ন বিভাগের নথি ও ফাইল খতিয়ে দেখলে আরও বহু অনিয়ম সামনে আসতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন।যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট মহলের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলির সত্যতা প্রশাসনিক তদন্তের পরই স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।