শিল্প হোক, দূষণ নয়: খড়গপুরে স্পষ্ট বার্তা দিলীপ ঘোষের!

অরিন্দম চক্রবর্তী : খড়গপুরে প্রাতঃভ্রমণ শেষে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ খড়গপুর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের ১৪৪ নম্বর বুথে আয়োজিত চা-চক্র ও সম্বর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানেই খড়গপুরের দূষণ সমস্যা নিয়ে সরব হন তিনি এবং দূষণ নিয়ন্ত্রণে কড়া বার্তা দেন সংশ্লিষ্ট শিল্প কর্তৃপক্ষকে।দিলীপ ঘোষ বলেন, খড়গপুরের মালঞ্চ, ভবানীপুর ও ইন্দা এলাকায় বছরের প্রায় সব সময়ই বাড়ির ছাদ ও দেওয়ালে কালো ধুলোর আস্তরণ জমতে দেখা যায়। বিশেষ করে শীতকালে বাতাসের সঙ্গে এই কালো গুঁড়ো শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে, যার ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়।তিনি দাবি করেন, সাংসদ থাকাকালীন তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি লিখে দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করিয়েছিলেন।

তবে পরবর্তীকালে পরিস্থিতি আবারও আগের অবস্থায় ফিরে যায়। এদিন তিনি স্পষ্ট ভাষায় জানান, দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কারখানার উৎপাদন সংক্রান্ত ছাড়পত্র বা সার্টিফিকেশন বাতিলের উদ্যোগ নেওয়া হবে, যার ফলে কারখানার কার্যক্রমও বন্ধ হয়ে যেতে পারে।মন্ত্রী আরও অভিযোগ করেন, দূষণ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ বা মেশিন কারখানায় স্থাপন করা হলেও অতিরিক্ত ব্যয়ের কারণে সেগুলি নিয়মিত চালানো হয় না। তাঁর বক্তব্য, দূষণ রোধে সেই যন্ত্রগুলি চালু রাখলে পরিবেশ দূষণ অনেকটাই কমানো সম্ভব। বর্তমানে ওই ব্যবস্থা কার্যকর হওয়ায় দূষণের মাত্রাও ধীরে ধীরে হ্রাস পাচ্ছে বলে তিনি দাবি করেন।দিলীপ ঘোষ বলেন, শিল্পায়ন অবশ্যই প্রয়োজন। নতুন কারখানা গড়ে উঠলে দেশের অর্থনীতি উপকৃত হবে এবং যুবসমাজের কর্মসংস্থান বাড়বে। তবে সাধারণ মানুষের স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতির বিনিময়ে কোনও শিল্পকে ব্যবসা করার অনুমতি দেওয়া হবে না। খড়গপুরবাসীর স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।