সেবা সংকল্প অভিযানের প্রস্তুতি বৈঠক, অন্নপূর্ণা যোজনা নিয়ে মন্ত্রীর স্পষ্ট বার্তা!
নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে শুরু হতে চলেছে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’। ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচি। কর্মসূচির প্রস্তুতি ও বাস্তবায়ন নিয়ে বুধবার ঝাড়গ্রাম জেলাশাসকের দফতরে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর, পুলিশ সুপার মানব সিংলা-সহ জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিকরা। কর্মসূচি সফল করতে জেলা প্রশাসনের তরফে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই বিষয়েই মূলত আলোচনা হয়। রাজ্যের প্রতিটি জেলায় কর্মসূচির প্রস্তুতি ও বাস্তবায়ন খতিয়ে দেখতে একজন করে মন্ত্রী ও আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।বৈঠক শেষে অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, যোগ্য ব্যক্তিরাই এই প্রকল্পের সুবিধা পাবেন, সবাই নয়। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।দেশকে ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এ পরিণত করার লক্ষ্যে কেন্দ্রের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে মন্ত্রী জানান, রাজ্য সরকারও এই উদ্যোগে অংশ নিয়েছে।
তাঁর দাবি, কেন্দ্রীয় সরকারের নতুন ‘ভিবি জি-রামজি’ প্রকল্পের আওতায় রাজ্যে ১২৫ দিনের কাজ চালু হয়েছে। আগামী দিনে প্রতিদিন ৪ থেকে ৫ লক্ষ কর্মদিবস তৈরির লক্ষ্য রয়েছে এবং প্রায় ১৩ হাজার কোটি টাকার কাজ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।এদিন অশোকনগরে তেল, ঝাড়গ্রামে ম্যাঙ্গানিজ এবং পুরুলিয়ায় লিথিয়াম উত্তোলনের প্রসঙ্গও ওঠে। এ বিষয়ে দিলীপ ঘোষ বলেন, বাংলা ও দেশ উন্নত হোক—এটাই প্রত্যাশা।তবে খনিজ সম্পদ উত্তোলন নিয়ে আপত্তি জানিয়েছে বিরোধীরা। জেলা কংগ্রেসের বর্ষীয়ান নেতা সুব্রত ভট্টাচার্য বলেন, বনভূমি ও পাহাড় ধ্বংস করে খনিজ সম্পদ উত্তোলন এবং আদিবাসীদের উচ্ছেদ কোনও সচেতন মানুষই চান না।অন্যদিকে, অন্নপূর্ণা যোজনা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। সুব্রত ভট্টাচার্যের দাবি, ঝাড়গ্রামের প্রান্তিক এলাকার বহু মহিলা এখনও এই প্রকল্পের সুবিধা পাননি। প্রকল্পে অন্তর্ভুক্তির ক্ষেত্রে যাচাই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।জেলা সিপিএমের সম্পাদক প্রদীপ সরকার বলেন, নির্বাচনের আগে অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন না—এ কথা স্পষ্ট করে জানানো হলে ভালো হত। একইসঙ্গে বেলপাহাড়িতে পর্যটন শিল্প গড়ে তোলার পরিকল্পনা নিয়ে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচিত সরকারের মন্ত্রী ও বিধায়কদের বক্তব্যে পরস্পরবিরোধিতা থাকা ঠিক নয়।সব মিলিয়ে, ‘সেবা সংকল্প অভিযান’-এর প্রস্তুতি বৈঠককে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি অন্নপূর্ণা যোজনা, কর্মসংস্থান এবং ঝাড়গ্রামের খনিজ সম্পদ উত্তোলন নিয়ে রাজনৈতিক বিতর্কও সামনে এসেছে।